সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, 1:08 PM
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, 1:08 PM
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও
সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করলে এসব অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর নবায়নও করা হবে না বলেই জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যাটারিচালিত ই-রিকশাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে শর্ত থাকবে, এসব যানবাহন চার্জ দিতে হবে সৌরবিদ্যুতের মাধ্যমে।’
তিনি বলেন, ‘সৌর বিদ্যুতের বা্ইরে রিচার্জ করলে এই ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না।’
সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ দিয়ে চার্জ করলে জরিমানার বিধানও রাখা হচ্ছে জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘তারা সৌর বিদ্যুতের বাহিরে অন্য বিদ্যুৎ চার্জে রিচার্জ করতে গেলে তাদের যে জরিমানা হবে, সেটাও আইনে আমাদের থাকবে।’
তিনি আরও বলেন, ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে ঢাকাকে আটটি জোনে বিভক্ত করতে চায় সরকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারটি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চারটি জোন থাকবে। এক জোনের ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।’
প্রতিটি জোনের ই-রিকশার জন্য পৃথক রং নির্ধারণ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এক জোনের ই-রিকশা যাতে অন্য জোনে প্রবেশ করতে না পারে, সেজন্য জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, কোন কোন সড়কে ই-রিকশা চলাচল করতে পারবে এবং কোন সড়কে পারবে না, তা বিধিমালায় নির্ধারণ করা হবে। জিও ফেন্সিংসহ বিধিমালার বিভিন্ন শর্ত অমান্য করলে জরিমানার ব্যবস্থা থাকবে এবং ট্রাফিক পুলিশের মাধ্যমে তা কার্যকর করা হবে।
নিবন্ধনের সময় ই-রিকশায় কিউআর কোড সংযুক্ত করার পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম।তিনি বলেন, বিধিমালা প্রণয়নের প্রাথমিক বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এতে বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।
কবে নাগাদ এ সিদ্ধান্ত কার্যকর হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন করে বিধিমালা জারি করা হলে এর বাস্তবায়ন শুরু হবে।
এ সময় পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলেই ভোটের সময় নির্ধারণ করা হবে।’