ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ বেসরকারি খাতে ঋণ বিতরণে স্থবিরতা ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই হামে একদিনে আটজন থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ৫-১০ দিনে মিলবে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ নারী আইপিএলের ভেন্যু পরিবর্তন করলো বিসিসিআই নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন: আইজেনকোট

তিন দশক পর আলাস্কার গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয়

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬,  11:26 AM

news image

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে একের পর এক সাফল্য পাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। এবার প্রায় তিন দশক পর আলাস্কার গভর্নর পদে জয় পেয়েছে দলটি। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচিত হয়েছেন একজন ডেমোক্র্যাট। এ জয়ের মধ্য দিয়ে দেশজুড়ে রিপাবলিকানদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিগুলোতেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে দলটি।


আলাস্কার জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের গভর্নর পদে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। এর আগে আইওয়া, জর্জিয়া, ওহাইও ও টেক্সাসের মতো দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা অঙ্গরাজ্যগুলোর গভর্নর পদেও জয় পেয়েছে দলটি।


আলাস্কার সাবেক রাজ্য আইনপ্রণেতা ৩৭ বছর বয়সী জোনাথন ক্রেইস-টমকিন্স তিন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থীদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া একজন প্রার্থীও।


নির্বাচনে জয়ের মধ্য দিয়ে তিন বছর আগে রাজ্য আইনসভা থেকে সরে দাঁড়ানো ক্রেইস-টমকিন্স আবারও রাজনীতিতে ফিরে এলেন। নির্বাচনী প্রচারণায় তিনি রাজ্যজুড়ে ব্যাপক প্রচারণা চালান। জীবনযাত্রার ব্যয় কমানো, সরকারি শিক্ষাব্যবস্থায় পর্যাপ্ত অর্থায়ন এবং তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর করপোরেট আয়কর আরোপের প্রতিশ্রুতি দেন তিনি।


এ ছাড়া নতুন তথ্যপ্রযুক্তি তথ্যকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত এসব স্থাপনার নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার পক্ষেও অবস্থান নেন তিনি।


নির্বাচনী প্রচারণায় বিদায়ী রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভির আট বছরের শাসনামলের কঠোর সমালোচনা করেন ক্রেইস-টমকিন্স। বিশেষ করে রাজ্যের ফেরি যোগাযোগব্যবস্থার অবনতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দক্ষিণ-পূর্ব আলাস্কার সড়ক যোগাযোগবিচ্ছিন্ন অনেক এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ফেরি। তার অভিযোগ, সরকারি অব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ এই পরিবহনব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।


তবে নির্বাচনে জয়ের পর রাজনৈতিক বিভাজন দূরে রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নবনির্বাচিত গভর্নর। ডেমোক্র্যাট, রিপাবলিকান ও নির্দলীয় ব্যক্তিদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আলাস্কার নির্বাচনী ব্যবস্থাও এ জয়ের ক্ষেত্রে আলোচনায় এসেছে। অঙ্গরাজ্যটিতে ভোটাররা পছন্দের ক্রমানুসারে প্রার্থীদের ভোট দিতে পারেন। তবে প্রথম পছন্দের ভোটেই ৫০ শতাংশের বেশি সমর্থন পাওয়ায় অতিরিক্ত ভোট গণনার প্রয়োজন হয়নি ক্রেইস-টমকিন্সের।


আলাস্কায় ডেমোক্র্যাটদের এই জয়কে দেশজুড়ে দলটির নির্বাচনী সাফল্যের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। এর আগে কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত কানসাসেও গভর্নর নির্বাচনে জয় পেয়েছে দলটি। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী সিন্ডি হোলশার রিপাবলিকান প্রার্থী টাই মাস্টারসনকে পরাজিত করেন।


এ ছাড়া জর্জিয়া, আইওয়া, নেভাডা, ওহাইও ও টেক্সাসসহ বিভিন্ন অঙ্গরাজ্যেও রিপাবলিকানদের হারিয়ে গভর্নরের পদ দখল করেছে ডেমোক্র্যাটরা। টেক্সাসে জিনা হিনোজোসা ৩৫ বছরের মধ্যে প্রথম ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হয়েছেন।

একইসঙ্গে তিনি রাজ্যটির প্রথম হিস্পানিক গভর্নর হওয়ার ইতিহাস গড়েছেন।


নির্বাচনী এই সাফল্যের ফলে ২০১০ সালের পর প্রথমবারের মতো অধিকাংশ অঙ্গরাজ্যের গভর্নর পদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দলটি। পাশাপাশি কংগ্রেসের উভয় কক্ষেও দলটির অবস্থান শক্তিশালী হয়েছে। সিনেটে আটটি এবং প্রতিনিধি পরিষদে দুই ডজনের বেশি আসন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের অন্যতম কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমে যাওয়া। অভিবাসননীতি, আমদানি শুল্ক, ইরানের সঙ্গে যুদ্ধ এবং অভ্যন্তরীণ নীতিমালা নিয়ে ভোটারদের অসন্তোষ নির্বাচনে প্রভাব ফেলেছে। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা রিপাবলিকান প্রার্থীদেরও এর মূল্য দিতে হয়েছে।


এদিকে আলাস্কায় মধ্যবর্তী নির্বাচনের সিনেট আসনের ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে। আলাস্কা পাবলিক মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা রিপাবলিকান দলীয় বর্তমান সিনেটর ড্যান এস সুলিভানের চেয়ে এগিয়ে ছিলেন।


সূত্র: গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম