নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন: আইজেনকোট
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, 11:02 AM
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, 11:02 AM
নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন: আইজেনকোট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে তাকে অবিলম্বে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। তার অভিযোগ, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে নেতানিয়াহু আর এক মুহূর্তও সরকারপ্রধানের দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন তিনি।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইয়াশার পার্টির নেতা আইজেনকোট। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্বে থাকা আইজেনকোটের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছিল।
এক্সে আইজেনকোট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ বৃত্তের কর্মকাণ্ড ইসরায়েলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি।’
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর রোববারের এক প্রতিবেদনে নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ সামনে এসেছে। এতে বলা হয়, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ঠিক আগে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন।
প্রতিবেদন অনুযায়ী, পুলিশের কমিশনারের দপ্তরে অভিযোগ জমা দেওয়ার সময় নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন একজন কথিত গোয়েন্দা তথ্যদাতার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন।
চ্যানেল ১২ জানায়, ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রা’আম পার্টির তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের প্রভাবিত করতে ঘুষ দেওয়ার সন্দেহে তাদের গ্রেপ্তারও করা হয়।
নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণা চালান। ওই নির্বাচনে দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর কোনো প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন তিনি। তবে পরবর্তী সময়ে কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের সত্যতা পাওয়া যায়নি। ফলে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে মুক্তি দেয় পুলিশ।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি পাঁচজন নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার উদ্যোগ নিয়েছিলেন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি। এ বিষয়ে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের অনুমতি চেয়েছিলেন। তবে সেই আবেদন নাকচ করা হয়।
এসব অভিযোগের বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন আইজেনকোট। তিনি বলেন, ‘আমি এই ঘটনাটির অবিলম্বে তদন্ত দাবি করছি এবং পুলিশ ও শিন বেতের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা প্রকাশিত তথ্যের বিস্তারিত বিষয়গুলো অবিলম্বে স্পষ্ট করে।’
অন্যদিকে আইজেনকোটের বক্তব্যকে উসকানিমূলক ও আপত্তিকর আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
এর আগে শুক্রবারও নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হয়েছিলেন আইজেনকোট। সে সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখার স্বার্থে নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী ও সহিংস প্রচারণায় উসকানি দিয়েছিলেন নেতানিয়াহু।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল।