ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান
নিজস্ব প্রতিনিধি
০৯ নভেম্বর, ২০২৬, 2:42 PM
নিজস্ব প্রতিনিধি
০৯ নভেম্বর, ২০২৬, 2:42 PM
ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান
শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে হাম, ডেঙ্গু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেল একই পরিবারের দুই সন্তান। চার হাসপাতালে ছুটোছুটি করার পরও বাঁচানো যায়নি দশ বছরের সন্তান নুর মোহাম্মদ আরাফাতকে। তারই পথ ধরে না ফেরার দেশে দশ মাসের সন্তান আবু বক্কর আরবও। এভাবে ডেঙ্গু, হামে আক্রান্ত হয়ে একই পরিবারের দুই সন্তানের না ফেরার দেশে চলে যাওয়া কোনো ভাবেই মানতে পারছে না এলাকাবাসীও।
দুই সন্তানকে হারিয়ে এখন পাগলপ্রায় চট্টগ্রামের মোহাম্মদ কবির ও আয়েশা বেগম দম্পতি। পৃথিবীতে তাদের আর কোনো সন্তান রইল না। দশ বছরের ছেলেকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন বাবা মোহাম্মদ কবির। চার হাসপাতালে টানা কয়েকদিন চিকিৎসার পরও বড় সন্তান নুর মোহাম্মদ আরাফাতকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যায় সে।
বড় সন্তানকে বাঁচানো না গেলেও ছোট সন্তানকে সুস্থ করে বাসায় ফিরিয়ে আনা যাবে-এমন আশাই ছিল বাবা-মায়ের। কিন্তু সব আশা নিরাশায় পরিণত হলো। বড় সন্তান মারা যাওয়ার দুই দিন পর মারা গেল ১০ মাসের আবু বক্কর আরব। দুজনের ডেঙ্গু হয়েছিল। এরপর হাম ও নিউমোনিয়ার উপসর্গ ছিল বলে জানিয়েছেন নিহত দুই সন্তানের বাবা।
দশ বছর বয়সি নূর মোহাম্মদ আরাফাত পাঁচলাইশের হিলভিউ পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। প্রায় ১৮-২০ দিন আগে তার জ্বর, বমি ও কাশি শুরু হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান, হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটি।
বাবা কবির সময় সংবাদকে জানান, প্রথমে সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে মেরিন সিটি হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে দুইদিন আইসিইউতে ছিল আরাফাত। এরপর ইম্পেরিয়াল হাসপাতালে আরও চারদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও অবস্থার উন্নতি হয়নি।
গত সোমবার তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার মারা যায় আরাফাত। ওইদিনই নগরীর মোমেনবাগ কবরস্থানে দাফন করা হয় তাকে। আর গতকাল রাত ১টায় মারা যায় দশ মাসের সন্তান।
হাম, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই পরিবারের দুই সন্তানের এভাবে না ফেরার দেশে চলে যাওয়া কোনো ভাবেই মানতে পারছে না এলাকাবাসীও। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে নগরীতে ৩৫ জন এবং বিভিন্ন উপজেলায় ১৫ জন মারা গেছে।