কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
০৮ নভেম্বর, ২০২৬, 3:09 PM
নিজস্ব প্রতিনিধি
০৮ নভেম্বর, ২০২৬, 3:09 PM
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার। নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে স্বামী ও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান নাবিলা। সেখানে একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। শনিবার বিকেলে চারজন মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটায় ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি সড়কের পাশে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনায় নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।