পর্যটকের পদচারণে স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে
নিজস্ব প্রতিনিধি
০৯ নভেম্বর, ২০২৬, 11:05 AM
নিজস্ব প্রতিনিধি
০৯ নভেম্বর, ২০২৬, 11:05 AM
পর্যটকের পদচারণে স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে
আবারও পর্যটকের পদচারণে মুখর হয়ে উঠেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। নীল সমুদ্র, স্বচ্ছ জলরাশি আর দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের আগমনে বেড়েছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যস্ততা। দীর্ঘ বিরতির পর পর্যটননির্ভর এই দ্বীপে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। তবে অতিরিক্ত ভাড়া ও দীর্ঘযাত্রার কারণে পর্যটকরা কিছুটা বিরক্ত ও নাখোশ।
তাদের দাবি টেকনাফ থেকে জাহাজ চলাচল করলে অতিরিক্ত ভাড়া ও দীর্ঘ যাত্রার ভোগান্তি পোহাতে হতো না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত করা হয়েছে। ৫ নভেম্বর চলতি পর্যটন মৌসুমে প্রথম দিন একটি জাহাজে করে ৮৩০ জন কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পৌঁছায়। এর মাধ্যমে উন্মুক্ত হয় চলতি পর্যটন মৌসুমের দ্বার।
দীর্ঘ বিরতির পর সেন্টমার্টিনে পৌঁছে দ্বীপের সৌন্দর্য উপভোগে পর্যটকরা উচ্ছ্বসিত। কারও কাছে এটি প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা। অন্যদিকে দ্বীপের পর্যটন নির্ভর বাসিন্দারা নিজ নিজ ব্যবসায় আত্মমগ্ন হয়ে পড়েছে। পর্যটক শবনম বলেন, ‘এখানকার নীল সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য সত্যিই অসাধারণ। যা অন্য কোথাও পাওয়া যায় না।
দ্বীপের হোটেল ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ‘দীর্ঘ ১০ মাসের প্রতীক্ষার পর আবারও পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে সেন্টমার্টিন। এতে আমাদের ব্যস্ততা বেড়েছে। দীর্ঘ বিরতির পর পর্যটকদের আগমনে আমরা আনন্দিত এবং নতুন করে আশার আলো দেখছি।
পর্যটকদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশনের চেষ্টা করছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরাও। ব্যবসায়ী শাহাবউদ্দিন বলেন, ‘পর্যটকদের সর্বোচ্চ সুযোগসুবিধা নিশ্চিত করতে আমরা সব সময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করি। খাবারের মান বজায় রাখার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ভালো খাবার পরিবেশনের ওপর গুরুত্ব দেব, যাতে পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে খাবার খেতে পারেন।’
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সরওয়ার উদ্দিন বলেন, দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন,
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড কাজ করছে। পর্যটকবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যাত্রাপথে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি বা দুর্ঘটনা ঘটলে দ্রুত সাড়া দিতে কোস্টগার্ডের জাহাজ ও বোট প্রস্তুত রয়েছে।