৭ নভেম্বরের র্যালিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর, ২০২৬, 12:52 PM
নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর, ২০২৬, 12:52 PM
৭ নভেম্বরের র্যালিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির বিশাল র্যালিতে সশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় দলের শীর্ষ নেতারা এ তথ্য জানান।
কেন্দ্রঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বিকেল ৩টায় মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন এবং উত্তরা সিটির প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন।
সভায় বক্তব্য দিতে গিয়ে দুই নেতা জানান, আগামী ৭ নভেম্বরের র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উপস্থিত থাকবেন। তাঁদের এই ঘোষণার পর সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নেতারা বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে এবারের কর্মসূচিকে স্মরণীয় করে তুলতে হবে। এ লক্ষ্যে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
মতবিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর উপস্থিতির ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট নতুন উদ্দীপনা ৭ নভেম্বরের কর্মসূচিকে আরও গতিশীল করবে।