৩৮ বছরে পা দিলেন ভারতের ব্যাটিং সেনসেশন কোহলি, জন্মদিনে দেখে নিন তার বিরল কিছু কীর্তি
স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর, ২০২৬, 11:11 AM
স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর, ২০২৬, 11:11 AM
৩৮ বছরে পা দিলেন ভারতের ব্যাটিং সেনসেশন কোহলি, জন্মদিনে দেখে নিন তার বিরল কিছু কীর্তি
আজ ৫ নভেম্বর। ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির জন্মদিন। ১৯৮৮ সালের এই দিনে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। ৩৮ বছরে পা রাখা কোহলি শুধু একজন ব্যাটার নন, আধুনিক ক্রিকেটের অন্যতম আলোচিত ও সফল ক্রিকেটার। ব্যাট হাতে ধারাবাহিকতার কারণে ক্রিকেটবিশ্বে তিনি ‘কিং কোহলি’ নামে পরিচিত।
ক্রিকেট মাঠে ব্যাট হাতে নামলেই যেন নতুন কোনো ইতিহাস লেখার অপেক্ষা। কখনো রানের পাহাড়, কখনো সেঞ্চুরির পর সেঞ্চুরি, আবার কখনো একের পর এক রেকর্ড ভেঙে নিজের নামকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি বিরাট কোহলি। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ঝুলিতে রয়েছে অসংখ্য অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজারের বেশি রান এবং ৮৬টি সেঞ্চুরি তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারেরই প্রতিচ্ছবি। জন্মদিনে ফিরে দেখা যাক কোহলির বিরল কিছু কীর্তি, যা তাকে ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা করে দিয়েছে।
ওয়ানডেতে সেঞ্চুরির নতুন উচ্চতা
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। এই সংস্করণে তাঁর শতকের সংখ্যা ৫৫। দীর্ঘদিন ধরে ৪৯টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার। ২০২৩ বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে ৫০তম ওয়ানডে সেঞ্চুরির মালিক হন কোহলি। এরপর আরও পাঁচটি শতক যোগ করে রেকর্ডটিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকতার প্রতীক হয়ে উঠেছেন তিনি।
১০ হাজার রানের বেশি করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড়
ওয়ানডেতে ১০ হাজারের বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড় কোহলির। এই সংস্করণে তাঁর গড় ৫৮.৮৪। ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে ৫০-এর বেশি গড় রয়েছে কেবল মহেন্দ্র সিং ধোনিরও। তাঁর গড় ৫০.৫৭। তবে এই তালিকায় কোহলির ধারেকাছে নেই অন্য কেউ। দীর্ঘ সময় ধরে রান করে যাওয়ার পাশাপাশি কতটা কার্যকরভাবে ইনিংস শেষ করা যায়, সেটিও দেখিয়েছেন ভারতীয় এই তারকা।
২০১৬ সালের আইপিএল ছিল কোহলির ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সেই আসরে ৯৭৩ রান করেছিলেন তিনি। এক মৌসুমে আইপিএলে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। শুধু রান করেই থেমে থাকেননি, চারটি সেঞ্চুরিও করেছিলেন সেই আসরে। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ফাইনালে তুললেও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি তার।
টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ
টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৯৩৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন কোহলি। ২০১৮ সালে পাওয়া এই রেটিং পয়েন্ট ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এখনো সর্বোচ্চ। টেস্ট ক্রিকেটে তার ধারাবাহিকতা ও আধিপত্যের অন্যতম বড় প্রমাণ এই অর্জন।
অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে চার সেঞ্চুরি
২০১৪ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন কোহলি। চার ম্যাচের টেস্ট সিরিজে করেছিলেন চারটি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে এমন পারফরম্যান্স তাঁকে বিশ্ব ক্রিকেটে আরও শক্ত অবস্থানে নিয়ে যায়। বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয় এই কীর্তি।
ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করতে কোহলির লেগেছিল মাত্র ২০৫ ইনিংস। সময়ের হিসাবে মাত্র ১০ বছর ৬৭ দিনে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এত দ্রুত এই অর্জনে পৌঁছাতে পারেননি ক্রিকেট ইতিহাসের আর কোনো ব্যাটসম্যান। শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে এই কীর্তি গড়েন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রান
তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করতেও দ্রুততম ছিলেন কোহলি। মাত্র ৫৯৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের দখলে। এই কীর্তি গড়তে শচীনের লেগেছিল ৬২৩ ইনিংস। অর্থাৎ ২৯ ইনিংস কম খেলেই কিংবদন্তি শচীনকে ছাড়িয়ে যান কোহলি।
বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে অনন্য সাফল্য
ভারতের বাইরে অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ জয়ের ক্ষেত্রেও কোহলির রয়েছে বিশেষ কৃতিত্ব। ভারতীয় অধিনায়কদের মধ্যে বিদেশের মাটিতে সর্বোচ্চ পাঁচটি টেস্ট সিরিজ জিতেছেন তিনি। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ এনে দেওয়া ছিল অন্যতম বড় অর্জন। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট সিরিজ জেতা প্রথম ভারতীয় অধিনায়কও কোহলি।