ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেট টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ ‘এ’ দল

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ মে, ২০২৫,  4:49 PM

news image

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে প্রথম চারদিনের ম্যাচে ৭০ রানে হারল বাংলাদেশ ‘এ’ দল। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৬ রানের টার্গেটে ম্যাচের চতুর্থ ও শেষ দিন ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ২১৬ রান করেছিল নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ২০৪ রানে এগিয়ে ছিল সফরকারীরা।

চতুর্থ দিন বাংলাদেশের দুই স্পিনার হাসান মুরাদ ও নাইম হাসানের ঘূর্ণিতে বাকী ৫ উইকেটে ৪১ রান যোগ করে ২৫৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১১৭ রান নিয়ে দিন শুরু করে ১২২ রানে আউট হন নিউজিল্যান্ডের নিক কেলি। এছাড়া ডিন ফক্সক্রফট ২১ ও মিচেল হে ১৮ রান করেন। 

মুরাদ ৬১ রানে ৫টি ও নাইম ৭৩ রানে ৪ উইকেট নেন। জয়ের জন্য ২৪৬ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মারমুখী মেজাজে ইনিংস শুরু করে ২টি চার ও ১টি ছক্কায় ৮ বলে ১৬ রানে আউট হন ওপেনার এনামুল হক। 

এরপর মাহমুদুল হাসান জয় ৪ ও অমিত হাসান ৫ রানে ফিরলে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার জাকির। হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ৯৪ রানে সাজঘরে ফিরেন জাকির। ৬টি চার ও ১টি ছক্কায় ৮৯ বলে ৫০ রান করেন তিনি। 

জাকিরের বিদায়ে জুটি বেঁধে বাংলাদেশের রানের চাকা ঘুড়িয়েছেন অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহান। জুটিতে ৫০ রান যোগ হবার পর বিচ্ছিন্ন হন তারা। উইকেটে সেট হয়ে ৩ বাউন্ডারিতে ২৭ রানে ফিরেন নুরুল। দলীয় ১৪৪ রানে অধিনায়ক ফেরার পর নিউজিল্যান্ডের দুই স্পিনার জেইডেন লিনক্স ও আদিত্য অশোকের সামনে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশের শেষ পাঁচ ব্যাটার।

ফলে ১৭৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। শেষ পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কে পা দিতে পারেননি। এক প্রান্ত আগলে লড়াই করে ৫৭ রানে অপরাজিত থাকেন অঙ্কন। তার ১৬৭ বলের ইনিংসে ৬টি চার ছিল। অশোক ৫টি ও লিনক্স ৩ উইকেট নেন। ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অশোক। 

আগামী ২১ মে থেকে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম