সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান
নিজস্ব প্রতিনিধি
২৪ জুন, ২০২৬, 11:28 AM
নিজস্ব প্রতিনিধি
২৪ জুন, ২০২৬, 11:28 AM
সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান
নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বুধবার সকালে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তচৌকির (বিওপি) এলাকা দিয়ে ভারতের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।
খবর পেয়ে আদাতলা সীমান্তচৌকির বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। ফলে ওই ব্যক্তিরা বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর থেকেই ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, এর আগে গত ৫ জুন ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়।