সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২৩ জুন, ২০২৬, 10:29 PM
NL24 News
২৩ জুন, ২০২৬, 10:29 PM
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
মনিরুজ্জামান মনি : সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরায় তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট-চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ডিজিটাল যুগে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা গণমাধ্যমকর্মীদের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক ও প্রোগ্রাম সমন্বয়কারী মো. সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী।
প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন মো. শাহাবুদ্দিন। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ডিজিটাল নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
সাংবাদিকতার পরিবর্তিত ও প্রযুক্তিনির্ভর বাস্তবতায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।