ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের

#

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  3:59 PM

news image

মনিরুজ্জামান মনি : ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিজেকে মশার কামড় থেকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদর হাসপাতালের আরএমও ডা. মো. আবদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সংগঠনের সহসভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল ও সিএম নাজমুল ইসলাম।

সিভিল সার্জন বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র ও বালতিসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত এক দিন বাড়ি ও আশপাশ পরিষ্কার করার পাশাপাশি খোলা পাত্র ঢেকে রাখার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা এবং প্রয়োজন অনুযায়ী মশা নিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে হবে। জ্বর, গায়ে ব্যথা বা শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। তবে ডেঙ্গু প্রতিরোধে শুরু থেকেই জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে হাসপাতালের আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কার করা হয়। কর্মসূচিতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সদর হাসপাতালের নার্সরা অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম