ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

#

২৮ জুন, ২০২৬,  2:45 PM

news image

মনিরুজ্জামান মনি :  সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত "মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬"-এ আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি এবং সদর কর্তৃক পরিচালিত অভিযানে ৪৮ জন আসামিসহ ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৩ হাজার ৭৯১ বোতল বিভিন্ন প্রকার মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় নেশাজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৬ লাখ ৭ হাজার ৭৬৯ পিস বিড়ি-সিগারেট, ৩৩ দশমিক ৪০০ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, ২ বোতল লিকুইড সীসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বট পাতা। এছাড়া 

দুর্লভ অধিক মূল্যের মাদকদ্রব্যের  মধ্যে ছিল ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, ৮ দশমিক ৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং আফিম তৈরির ২০ বোতল কেমিক্যাল।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাগত বক্তব্য দেন।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, "বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

তিনি আরও বলেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া বক্তারা মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর অবস্থান গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধার হওয়া প্রাণঘাতী মাদকদ্রব্য জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে নিয়মিতভাবে ধ্বংস করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম