শিক্ষা নিয়ে ফ্রান্সজুড়ে আড়াই লাখ মানুষের বিক্ষোভ : এখন পর্যন্ত যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর, ২০২৬, 11:12 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর, ২০২৬, 11:12 AM
শিক্ষা নিয়ে ফ্রান্সজুড়ে আড়াই লাখ মানুষের বিক্ষোভ : এখন পর্যন্ত যা জানা গেল
পর্যাপ্ত শিক্ষক, উন্নত পাঠদানের পরিবেশ ও বিদ্যালয় ভবন সংস্কারের দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন আড়াই লাখের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। মঙ্গলবার অনুষ্ঠিত অধিকাংশ মিছিল শান্তিপূর্ণ থাকলেও প্যারিসসহ কয়েকটি স্থানে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, প্যারিসে ৫৬ হাজার এবং অন্য শহরগুলোতে দুই লাখ মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, মোট উপস্থিতি ছিল সাড়ে চার লাখ। সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রায় ৫০০ জন গ্রেপ্তার হন এবং ৪৩ পুলিশ সদস্য আহত হন।
দুই সপ্তাহের বেশি আগে প্যারিসের উত্তরাঞ্চলের শহরতলিতে আন্দোলন শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুর হিসাবে, এ সময়ে অন্তত ২১৫ কিশোর-কিশোরী ও বিদ্যালয়ের ৮৫ কর্মী আহত হয়েছেন। তার দপ্তর জানিয়েছে, আহত পুলিশ সদস্যের সংখ্যা ৭১৫।
শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, তরুণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করছে পুলিশ। সংঘর্ষে এক কিশোরের হাত উড়ে গেছে। আরেকজন ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের দাবি, প্রায় সব ক্ষেত্রেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়েছে পুলিশ। কিছু বিক্ষোভ দাঙ্গায় রূপ নিয়েছিল। বলপ্রয়োগের অভিযোগে ১০টি অভ্যন্তরীণ তদন্ত শুরুর কথাও জানান তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ২৪টি বিদ্যালয়ে অগ্নিসংযোগ বা ভাঙচুর হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৬ হাজার ১০০ জনের বেশি, যাদের প্রায় সবাই অপ্রাপ্তবয়স্ক।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, মঙ্গলবার ৯০০টির বেশি উচ্চবিদ্যালয় অবরুদ্ধ বা বন্ধ ছিল। শিক্ষার্থী সংগঠনগুলোর দাবি, সংখ্যা ১ হাজার ৮০০।
অনুপস্থিত শিক্ষকদের বদলি নিশ্চিত করা, সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিদ্যালয়ের সময়সূচি পর্যালোচনা এবং পুরোনো ভবন মেরামতের দাবি নিয়ে কাজ করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।