শক্তি ও পরিবহন খাতের ওপর গুরুত্ব দিয়ে শুরু কপ-৩১’র দ্বিতীয় দিনের কার্যক্রম
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬, 2:19 PM
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬, 2:19 PM
শক্তি ও পরিবহন খাতের ওপর গুরুত্ব দিয়ে শুরু কপ-৩১’র দ্বিতীয় দিনের কার্যক্রম
তুরস্কে আয়োজিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১’এর দ্বিতীয় দিনে মঙ্গলবার গুরুত্ব পাচ্ছে জ্বালানি নিরাপত্তা, বৈদ্যুতিকীকরণ, বিদ্যুৎ গ্রিড অবকাঠামো এবং টেকসই পরিবহন।
সম্মেলনের সূচি অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) দিনজুড়ে প্রায় ৩৭০টি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১৪০টি অধিবেশন নির্ধারিত হয়েছে জ্বালানি ও পরিবহনবিষয়ক আলোচনার জন্য।
সম্মেলনের ‘ব্লু জোনে’ আনুষ্ঠানিক আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এদিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানের সবুজ জ্বালানি অংশীদারত্ব নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক। পাশাপাশি সবুজ জ্বালানির নিরাপত্তা এবং ইউক্রেনের জ্বালানি রূপান্তর নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ব্লু জোনের অন্যান্য অধিবেশনে ভূরাজনৈতিক ঝুঁকির প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা, জ্বালানি খাতের রূপান্তরে অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
এর আগে, গতকাল সোমবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে সম্মেলনের ‘গ্রিন জোন’। সেখানে টেকসই পরিবহনব্যবস্থা, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হবে।
গ্রিন জোনের নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে তুরস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টগ (Togg) আয়োজিত ‘টেকসই গতিশীলতার নতুন সংজ্ঞা’ শীর্ষক আলোচনা।
এ ছাড়া টেকসই বিমান জ্বালানি, জ্বালানি সংরক্ষণব্যবস্থা এবং টেকসই পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়েও বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন দেশের নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সদস্যরা।
উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে কপ-৩১ সম্মেলন। কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বাড়ানো এবং জলবায়ু অর্থায়ন নিয়ে বৈশ্বিক আলোচনা এগিয়ে নেয়াই এ সম্মেলনের মূল লক্ষ্য। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।