অজানা উৎস থেকে ফের ড্রোন হামলা, বন্ধ ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র
আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর, ২০২৬, 11:19 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর, ২০২৬, 11:19 AM
অজানা উৎস থেকে ফের ড্রোন হামলা, বন্ধ ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র
ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে অজানা উৎস থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। তীব্র অগ্নিকাণ্ড ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুরো অঞ্চলের ৭০ শতাংশেরও বেশি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানায়, ড্রোন হামলায় গ্যাসক্ষেত্রে ভয়াবহ আগুন ধরে যায়। ফলে নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে গ্যাস উৎপাদন স্থগিত করা হয়েছে। এই হামলার জন্য এখনো পর্যন্ত কোনো পক্ষ বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।
কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ জানিয়েছেন, হামলার কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে এরবিল, সুলাইমানিয়াহ, বাজিয়ান ও দোহুকসহ প্রধান শহরগুলোর জাতীয় গ্রিড থেকে প্রায় ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরিস্থিতি মোকাবিলায় বিকল্প জ্বালানি ও জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর মাধ্যমে হাসপাতাল ও পানি শোধনাগারের মতো জরুরি স্থাপনাগুলোতে বিদ্যুৎ চালু রাখার চেষ্টা করা হচ্ছে।
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার আসল কারণ ও পেছনে থাকা দায়ীদের শনাক্ত করতে কুর্দি কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আঞ্চলিক উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ অবকাঠামোতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অজানা উৎস থেকে ড্রোন হামলার ঘটনা ঘটল। সূত্র: আল-জাজিরা, মেহের নিউজ