রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছাল বিমানের ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট, ২০২৬, 2:54 PM
নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট, ২০২৬, 2:54 PM
রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছাল বিমানের ফ্লাইট
ইতালির রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ অপেক্ষায় আবাসন, পর্যাপ্ত খাবার ও জরুরি ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করলেও, বিমানের সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। কানাডার টরন্টো থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় বাংলাদেশ বিমানের বিজি-৩০৬ ফ্লাইটটি। শুক্রবার (৭ আগস্ট) সকালে জ্বালানি নিতে ইতালির রোমে ১ ঘণ্টার ট্রানজিটে থামে ফ্লাইটটি। তবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর অনিশ্চয়তায় পড়ে ফ্লাইটটি। ত্রুটি সারাতে না পারলেও যাত্রীদের বিমানেই ৮ ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ করেন যাত্রীরা। এমনকি বন্ধ করে দেয়া হয় এসিও। এরপর বিমান থেকে নামিয়ে অন্যান্য দেশের পাসপোর্টধারীদের হোটেলে থাকার ব্যবস্থা করলেও রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ভেতরেই আটকা পড়েন বাংলাদেশের পাসপোর্টধারী প্রায় ১৭০ জন যাত্রী।এ সময় লাউঞ্জে জায়গা না হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। মাত্রা ছাড়ায় শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি। তারা অভিযোগ করেন, পর্যাপ্ত খাবারও সরবরাহ করা হয়নি বিমান বাংলাদেশের পক্ষ থেকে। জরুরি ওষুধের সংকটে পড়েন অনেকেই। পরবর্তীকালে বাংলাদেশ থেকে যন্ত্রাংশ ও প্রকৌশলী যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড্ডয়নের জন্য প্রস্তুত হয় ফ্লাইট। দীর্ঘ ৪০ ঘণ্টার ভোগান্তির পর রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিজি-৩০৬। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফ্লাইটটি। আর কোনো যাত্রীকেই যেন এমন দুর্ভোগে পড়তে না হয়, সেই দাবিও জানান তারা।