ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাইকের বেপরোয়া গতিতে ঝরছে তরুণদের প্রাণ এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স: সিইসি গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, আটক সতিন হালান্ডের শেষ মুহূর্তের গোলে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে নরওয়ে কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী-ক্রুসহ ১৯ জনের সবাই নিহত পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

মৌসুম শেষেও আগ্রাসি ডেঙ্গু

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৬,  11:21 AM

news image

♦ ডিসেম্বরেও পরিস্থিতি খারাপের শঙ্কা 

♦ মশা নিয়ন্ত্রণে গুরুত্ব পাচ্ছে না লার্ভা ধ্বংস 

♦ চলতি বছরে মারা গেছেন ৫০৭ জন


দেশে এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচ শ জনের বেশি। নভেম্বরের মাঝামাঝি সময়েও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এবার ডেঙ্গুর মৌসুম স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘ হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়া এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতির বদলে অপর্যাপ্ত উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নভেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে। এমনকি ডিসেম্বরেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। অন্যান্য বছরের তুলনায় এবার ডিসেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি থাকতে পারে। ডেঙ্গুর সংক্রমণ চক্র থামানো যাচ্ছে না। এর মধ্যে নভেম্বরের বৃষ্টিপাত নতুন করে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করেছে। ফলে ডিসেম্বরেও সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সাধারণত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর প্রধান মৌসুম। তবে কোনো কোনো বছর নভেম্বরে সংক্রমণ বেশি দেখা যায়। এবারও নভেম্বরে উল্লেখযোগ্য প্রকোপ রয়েছে।


বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে ডেঙ্গুর মৌসুমের প্রচলিত সময়সীমাও বদলে যাচ্ছে। আগে বর্ষা-পরবর্তী সময়ে, বিশেষ করে নভেম্বর ও ডিসেম্বর থেকে সংক্রমণ কমতে শুরু করত। এবার ডিসেম্বরেও সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা থাকায় শীতকালেও ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্তি মিলবে না বলে মনে করছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন। চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে ৫০৭ জনের মৃত্যু হয়েছে।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৭ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, রাজশাহী বিভাগে ১২৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩০৮ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন। চলতি বছরের ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৬০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. বে-নজির আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবার ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি হওয়ার পেছনে দুটি বড় কারণ প্রথমত, জুনের পর থেকে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এবং নিয়মিত বৃষ্টির কারণে এডিস মশার প্রজনন বেড়েছে। দ্বিতীয়ত, ডেঙ্গু এখন আর শুধু ঢাকা বা বড় শহরকেন্দ্রিক নেই; গ্রামাঞ্চলেও সংক্রমণ প্রতিষ্ঠিত হয়েছে।


তিনি বলেন, বগুড়া, ভোলাসহ বিভিন্ন জেলার গ্রামাঞ্চল থেকে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। গ্রামাঞ্চলে ডেঙ্গুর বিস্তার এখন দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে। যেসব এলাকায় সংক্রমণ ছড়িয়েছে, সেসব এলাকায় বারবার সংক্রমণের ঝুঁকিও থাকবে। ফলে ভবিষ্যতে ডেঙ্গু নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।


মশা নিয়ন্ত্রণে গুরুত্ব পাচ্ছে না লার্ভা ধ্বংস : বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগে সবচেয়ে বড় ঘাটতি রয়েছে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ক্ষেত্রে। শুধু ঝোপঝাড় পরিষ্কার, ধুলাবালি ঝাড়া কিংবা ফগিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।


ডা. বে-নজীর আহমেদ বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে সমন্বিত ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (আইভিএম) অনুসরণ করা প্রয়োজন। এর প্রধান দুটি কাজ হলো, যেখানে পানি জমে থাকে সেসব কৃত্রিম পাত্র ও কনটেইনার অপসারণ এবং যেসব স্থানে পানি ফেলে দেওয়া সম্ভব নয়, সেখানে লার্ভিসাইড প্রয়োগ।


তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ফগিংয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা কার্যকর নয়। ফগিং মূলত পূর্ণবয়স্ক মশা দমনে কাজ করে। কোনো এলাকায় পূর্ণবয়স্ক এডিস মশার ঘনত্ব বেড়ে গেলে সীমিত পরিসরে এটি ব্যবহার করা যেতে পারে। তবে মশার প্রজনন বন্ধ করতে জমে থাকা পানি অপসারণ ও লার্ভিসাইডিংকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


তার মতে, ঢাকার বাইরে মশা নিয়ন্ত্রণের কাঠামো ও জনবল দুর্বল। রাজধানীতে দীর্ঘদিন ধরে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হলেও জেলা ও গ্রামাঞ্চলে এ ধরনের কার্যক্রমের সক্ষমতা অনেক কম। ফলে গ্রামাঞ্চলে ডেঙ্গুর বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়ছে।


অধ্যাপক কবিরুল বাশারও ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রজননস্থল ব্যবস্থাপনা, লার্ভিসাইডিং এবং কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তার মতে, বিচ্ছিন্ন অভিযান দিয়ে এডিস মশার বিস্তার ঠেকানো সম্ভব নয়; নিয়মিত ও সমন্বিত কার্যক্রম প্রয়োজন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম