ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী ঢাকায় এবার ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পিলারের সুরঙ্গ থেকে নারীর মরদেহ উদ্ধার পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে মাধবপুরবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে এবার লিগ্যাল নোটিশ গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের গোপালগঞ্জে থমথমে অবস্থা, রাস্তায় চলাচল সীমিত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৬,  2:13 PM

news image

ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।



বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ


রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।



রিজভী বলেন, আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজি করে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো যাবে না।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ


মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। তিনি তখনই পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেছিলেন।



১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে ও ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে উল্লেখ করে রিজভী বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। উত্তর প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে তার সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।


আলোচনা সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম