ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, 2:12 PM
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, 2:12 PM
ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক-কর্মচারীদের সরকারবিরোধী, নেতিবাচক ও আপত্তিকর পোস্ট নতুন পদ্ধতিতে মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। এই মনিটরিং কার্যক্রম পরিচালনায় একটি কমিটি গঠন করেছে সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ নামের এ কমিটির কাছে শিক্ষক-কর্মচারীদের সরকারবিরোধী, নেতিবাচক ও আপত্তিকর পোস্টগুলো পাঠাতে হবে। গত ১৭ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশিকা ও সরকারি আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করা আবশ্যক। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশিকা যথাযথভাবে প্রতিপালন করছেন কি না, তা পরিবীক্ষণের লক্ষ্যে অধিদপ্তর কর্তৃক একটি ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে।
এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের কোনো সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশিকা পরিপন্থি, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য, নেতিবাচক কিংবা দাপ্তরিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে-এমন কোনো স্ট্যাটাস, মন্তব্য, ছবি, ভিডিও, পোস্ট বা অন্য কোনো কনটেন্ট প্রকাশ কিংবা প্রচারের বিষয় নজরে এলে, তা যথাযথভাবে সংরক্ষণপূর্বক অগ্রাধিকার ভিত্তিতে মনিটরিং কমিটির আহ্বায়ককে ই-মেইলের (director.mew@gmail.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
অবহিতকরণের ক্ষেত্রে যেসব তথ্য বিবেচনাযোগ্য-
১. সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবি ও কর্মস্থল
২. সামাজিক যোগাযোগমাধ্যমের নাম ও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট, প্রোফাইলের লিংক
৩. পোস্ট, স্ট্যাটাস প্রকাশের তারিখ ও সময়
৪. সংশ্লিষ্ট পোস্ট, স্ট্যাটাসের স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ