ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! জঙ্গল সলিমপুরে নির্মাণ হবে দেশের অত্যাধুনিক কারাগার ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ ভারতে দিল্লিগামী ট্রেনের কোচে আগুন, ৬৮ যাত্রী উদ্ধার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে ইসি কঙ্গো-উগান্ডায় ইবোলা ভাইরাসে ৮০ জনের মৃত্যু

জঙ্গল সলিমপুরে নির্মাণ হবে দেশের অত্যাধুনিক কারাগার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৬,  12:42 PM

news image

এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরেই গড়ে তোলা হচ্ছে দেশের আধুনিক মানের নতুন কারাগার। প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলার প্রায় দুই হাজার আসামিকে এখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। সন্ত্রাসীদের হটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেয়া এই এলাকায় নতুন কারাগার নির্মাণের জন্য ৭০ একর জমি বরাদ্দ চাওয়া হয়েছে। বন্দি রাখার পাশাপাশি এখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও থাকবে। বহুল আলোচিত জঙ্গল সলিমপুরকে এক সময় বলা হতো ‘রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র’, যেখানে আইনশৃঙ্খলার পরিবর্তে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ চলত। স্থানীয় দেড় লাখের বেশি মানুষ সেখানে দীর্ঘদিন সন্ত্রাসী গোষ্ঠীর জিম্মিতে ছিলেন বলে জানা যায়। একাধিক উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধার মুখেও পড়তে হয়েছে। এমনকি কয়েক মাস আগেও র‌্যাব সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এখন সেই এলাকাতেই নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসন এরই মধ্যে ৭০ একর জমি বরাদ্দের জন্য চিঠি দিয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, বর্তমান কারাগার অতিরিক্ত বন্দির চাপে অকার্যকর হয়ে পড়েছে। পুরোনো কারাগারের ধারণক্ষমতা যা আছে, তার তুলনায় অনেক বেশি বন্দি থাকায় ওভারলোড পরিস্থিতি তৈরি হয়েছে। তাই মেগা সিটির প্রয়োজন অনুযায়ী একটি আধুনিক কারাগার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ১৪০ বছরের পুরোনো স্থাপনাটির ধারণক্ষমতা ২ হাজার ২৪৯ জন হলেও বর্তমানে সেখানে ৬ হাজার ৩৩৮ জন বন্দি রয়েছে। এর মধ্যে মহানগরের আদালতে বিচারাধীন মামলায় আটক প্রায় দুই হাজার বন্দিকে নতুন এই কারাগার নির্মাণের পর সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। কারা কর্তৃপক্ষের ডিআইজি (প্রিজন) মো. ছগির মিয়া বলেন, নতুন কারাগার নির্মিত হলে সেখানে মেট্রো এলাকার হাজতি ও কয়েদিদের রাখা হবে। এতে জেলা ও মহানগরের বন্দিদের আলাদা রাখা সম্ভব হবে, যা ব্যবস্থাপনায় সুবিধা দেবে। কারা প্রশাসন এরই মধ্যে জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের জন্য জমি বরাদ্দ চেয়ে চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ পাওয়া গেলে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী কারাগারটি শুধু আটক রাখার স্থান নয়, বরং এখানে থাকবে পুনর্বাসন, শিক্ষা ও খেলাধুলার সুযোগ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বন্দিদের দক্ষতা উন্নয়নের ব্যবস্থাও রাখা হবে, যাতে মুক্তির পর তারা সমাজে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। চট্টগ্রামের জেলা প্রশাসক বলেন, আধুনিক কারাগারের ধারণা অনুযায়ী এখানে বন্দিদের জন্য সীমিত শিক্ষার পরিবেশ, খেলাধুলা এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ রাখা হবে, যাতে তারা সংশোধিত হয়ে পুনরায় অপরাধে না জড়ায়। জঙ্গল সলিমপুর চট্টগ্রামের সীতাকুণ্ড, হাটহাজারী এবং নগরীর বায়েজিদ, পাহাড়তলী ও খুলশী এলাকার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশের ক্ষতি না করে পরিকল্পিতভাবে কারাগার নির্মাণ করা হলে তা একটি আধুনিক স্থাপনায় পরিণত হতে পারে। চট্টগ্রামের হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে পরিকল্পিতভাবে কারাগার নির্মাণ করা হলে এটি মানবাধিকার ও উন্নয়নের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক উদ্যোগ হতে পারে। সব মিলিয়ে এক সময়ের অশান্ত জঙ্গল সলিমপুর এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে নিরাপত্তার আওতায় আনা একটি আধুনিক অবকাঠামোর দিকে, যেখানে ভবিষ্যতে অপরাধ সংশোধন ও পুনর্বাসনের নতুন একটি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা এগিয়ে চলছে। সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম