ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ প্রতি ১০ নারীর আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

#

বিনোদন প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৬,  2:29 PM

news image

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।


বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে মঞ্চে ছিল টানটান উত্তেজনা। নাম শোনার পর আবেগাপ্লুত হয়ে বুকের ওপর হাত রাখেন মাহি। এরপর গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।


অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও রুপালি রঙের গাউন। এর কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ একাধিক মডেল ও কোরিওগ্রাফার।


আয়োজকেরা জানান, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পুয়ের্তো রিকোতে শুরু হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সামিরা খান মাহি।


বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, “যাও, বিশ্ব জয় করে আসো।” সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’


ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের জন্যও দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন এই অভিনেত্রী।


এর আগে ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো সেরা ৩০-এ স্থান পাওয়া। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা।


মিথিলার পর এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণের দিকে এখন তাকিয়ে দেশের দর্শকেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম