ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের শিরোপা লড়াইয়ে ফ্রান্স-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন উইটসেল জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী ত্বকের প্রয়োজন যেমন টোনার জর্ডানের মার্কিন ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২৬,  11:17 AM

news image

সীমান্তে কড়া অবস্থান বিজিবির

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের বৈঠক চলছে দিল্লিতে। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত দিয়ে সাম্প্রতিক পুশইন বা জোর করে অনুপ্রবেশ করানোর চেষ্টার বিষয়টি ভারতের সামনে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। তাতেও থামেনি সীমান্তে পুশইন সমস্যা। বরং গত ২৪ ঘণ্টায়ও ভারত থেকে কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত ছিল, যদিও বিজিবির কড়া নজরদারিতে সেই চেষ্টা ভেস্তে গেছে। বিজিবি সূত্রে এই তথ্য মিলেছে।

দিল্লিতে চলমান দুই দেশের সীমান্ত বাহিনীর প্রধানদের সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতের পক্ষে নেতৃত্বে রয়েছেন বিএসএফ ডিজি প্রবীণ কুমার।

বিজিবি সূত্র বলছে, সম্মেলনে সীমান্তে জোর করে অনুপ্রবেশের চেষ্টাকে বাংলাদেশের পক্ষ থেকে মানবাধিকারবিরোধী ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে উল্লেখ করেছে। এ ছাড়াও সীমান্তে নিরস্ত্র বাংলাদেশের নাগরিক হত্যা, আহত ও নির্যাতনের চিত্র তুলে ধরে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

কালবেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইন নিয়ে টানটান উত্তেজনা চলছে। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, প্রতিবেশী দেশ থেকে পুশইনের চেষ্টার ঘটনায় বিজিবি-বিএসএফের পাশাপাশি দুই দেশের বাসিন্দারাও সীমান্তে মুখোমুখি অবস্থান নিয়েছেন। পতাকা বৈঠক করেও সুরাহা হচ্ছে না।

গতকাল সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর ১০৮২ পিলার সংলগ্ন সীমান্তে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ওই ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে দেয় বিএসএফ সদস্যরা। পরে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন ওই ব্যক্তি। খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা সেখানে গিয়ে বাধা দেন। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। তবে কোনো সুরাহা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। ওই সময় বিএসএফ সদস্য গুলি করার কথা বলে। তখন বিজিবি সদস্যরা এর তীব্র প্রতিবাদ জানান। বিজিবির সদস্যরা বলেন, ‘আপনারা গুলি করবেন আর আমরা বসে থাকব?’ বিজিবির একজন সদস্য বলতে থাকেন, ‘গুলি আপনার কাছে আছে, আমাদের কাছে নেই? আপনারা গুলি করলে আমরা কী বসে থাকব।’ কথাকাটাকাটির এক পর্যায়ে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে নো ম্যান্স ল্যান্ডে রেখে চলে যায়। তবে বিজিবি তাকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত কয়েকদিন থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকার লোকজনও। বুধবার সকালে একজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের নিয়ে প্রতিরোধ গড়ে তোলে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জনবল বৃদ্ধি, অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ৮ জুন থেকে নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে অবস্থানরত ভারতের ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় ১৫-২০ জনকে পুশইনের উদ্দেশ্যে জড়ো করা হলেও বিজিবির কঠোর অবস্থান ও নজরদারির কারণে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করানো সম্ভব হয়নি।

নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট

কর্নেল মো. শাহারিয়ার রাজিব, পিএসসি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, বিএসএফের পুশইন ঠেকাতে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে কড়া নজরদারিসহ কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছেন। সীমান্তের কোনো এলাকা দিয়ে যেন কোনো ভারতীয় অবৈধভাবে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম