এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের
আইটি ডেস্ক
১২ আগস্ট, ২০২৬, 11:14 AM
আইটি ডেস্ক
১২ আগস্ট, ২০২৬, 11:14 AM
এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের
সারা বিশ্বের নামিদামি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে কর্মী নিয়োগের এআই টুল বিক্রি করে গুগল। কিন্তু খোদ গুগলেরই গবেষকরা কর্মী নিয়োগে নিজেদের সিস্টেমের ওপর ভরসা রাখতে পারছেন না! গুগলের এআই সিস্টেমের ভুল ফিল্টারিংয়ে যোগ্য প্রার্থীর সিভি যেন বাদ না পড়ে, সেজন্য চাকরিপ্রার্থীদের একটি বিশেষ ফর্ম পূরণের পরামর্শ দিয়েছে ‘গুগল ডিপমাইন্ড এজিআই সেফটি টিম’।
ব্লুমবার্গের দেখা এক গোপন নথিতে বলা হয়েছে, গুগলের এআই স্ক্রিনিং সিস্টেমে যোগ্য প্রার্থীর সিভি ভুলবশত বাদ পড়া বা রিক্রুটারদের কাছে পৌঁছাতে অনেক দেরি হওয়ার ঝুঁকি রয়েছে। এই বড় ঝুঁকি এড়াতেই আবেদনকারীদের বিশেষ ফর্মটি পূরণের আহ্বান জানানো হয়, যাতে সরাসরি রক্তমাংসের মানুষ সিভি যাচাই করতে পারেন। নথিতে এটি বেশি শেয়ার করতেও বারণ করা হয়।
অবশ্য গুগলের এক মুখপাত্র দাবি করেছেন, তাদের সিস্টেম কোনো প্রার্থীকে ভুলভাবে বাদ দেয় না। তবে রিক্রুটারদের প্রাথমিক বাছাই এড়িয়ে নির্দিষ্ট টিমের কাছে সরাসরি সিভি পৌঁছে দিতেই মূলত ফর্মটি করা হয়েছে।
নিয়োগে বর্তমানে এআই ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, আর গুগলের ওয়ার্কস্পেস টিমও এটি বাজারজাত করছে। তবে প্রযুক্তিটি নিয়ে বিতর্কও আছে। ব্লুমবার্গের তদন্তে চ্যাটজিপিটি’র বিরুদ্ধে নামের ভিত্তিতে বৈষম্যের প্রমাণ মেলে। বর্ণ, বয়স ও শারীরিক প্রতিবন্ধকতার বৈষম্যের অভিযোগে ওয়ার্কডে ইনকরপোরেটেডের বিরুদ্ধে মামলাও হয়েছে। যদিও ওয়ার্কডে অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে, চাকরিপ্রার্থীরাও এখন এআই দিয়ে আবেদনপত্র লিখছেন। এ বিষয়ে ডিপমাইন্ড টিম সতর্ক করে ফর্মে লিখেছে, সত্যিকারের মানুষ আপনাদের আবেদন পড়বেন। এআই দিয়ে লেখা গৎবাঁধা উত্তর পড়তে পড়তে তারা ক্লান্ত। তাই এআই ছাড়া নিজেদের যোগ্যতায় লেখা আবেদনই বেশি গুরুত্ব পাবে।