স্পোর্টস ডেস্ক
২০ মে, ২০২৬, 10:54 AM
ইবোলা নিষেধাজ্ঞার মধ্যেও যুক্তরাষ্ট্রে আসতে পারবে কঙ্গো ফুটবল দল
ইবোলা সংক্রমণ ঠেকাতে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ডিআর কঙ্গো ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইবোলা প্রাদুর্ভাবের কারণে গত ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান সফর করেছেন এমন অ-আমেরিকান নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া একমাত্র দেশ ডিআর কঙ্গো হওয়ায় তাদের দলের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, “আমরা আশা করছি ডিআর কঙ্গো দল বিশ্বকাপে অংশ নিতে পারবে।” তিনি জানান, দলটি ইতোমধ্যে ইউরোপে অনুশীলন করছে। ফলে তারা হয়তো নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। তবে গত ২১ দিনের মধ্যে কেউ ডিআর কঙ্গোতে অবস্থান করে থাকলে, তাদের যুক্তরাষ্ট্রে ফেরত আসা মার্কিন নাগরিকদের মতো কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও আইসোলেশন প্রটোকল অনুসরণ করতে হবে। ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি তাদের একই ধরনের পরীক্ষা ও আইসোলেশন ব্যবস্থার আওতায় আনতে, যেটি মার্কিন নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য। তবে এই বিশেষ ছাড় সাধারণ দর্শকদের জন্য প্রযোজ্য হবে না। অর্থাৎ ডিআর কঙ্গোর সমর্থকরা সহজে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবেন না।’ আগামী ১৭ জুন টেক্সাসে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিআর কঙ্গো।