আশুলিয়ায় সাড়ে সাত ঘণ্টার অভিযান, ডাকাত সর্দার শাওনসহ আটক ৬
১২ অক্টোবর, ২০২৬, 10:50 PM
NL24 News
১২ অক্টোবর, ২০২৬, 10:50 PM
আশুলিয়ায় সাড়ে সাত ঘণ্টার অভিযান, ডাকাত সর্দার শাওনসহ আটক ৬
ফয়জুল ইসলামঃ শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুরে সাড়ে সাত ঘণ্টার যৌথ অভিযানে ডাকাত দলের সর্দার শাওনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আশুলিয়ায় সাড়ে সাত ঘণ্টার অভিযান, ডাকাত সর্দার শাওনসহ আটক ৬এ সময় তাঁদের কাছ থেকে ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। অভিযানের সময় পুলিশের ওপর হামলা এবং এক নারী পোশাক শ্রমিকের গলায় ছুরি ধরার অভিযোগও উঠেছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে আন্তজেলা ডাকাত চক্রটির সন্ধান পায় পুলিশ। ওই মামলার তদন্তের সূত্র ধরে ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত শাওনের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাঁকে আটক করতে যৌথ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ইয়ারপুরের জামগড়া এলাকায় মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় ভাড়া থাকতেন ওই ব্যক্তিরা। অভিযান শুরুর পর বাড়িটি ঘেরাও করলে ভেতরে থাকা ব্যক্তিরা বাঁধা দেন। এ সময় তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন এবং পালানোর জন্য ঘরের একের পর এক তিন থেকে চারটি দরজা ভেঙে বাঁধা তৈরির চেষ্টা করেন। একপর্যায়ে তাঁদের কবল থেকে এক নারী পোশাক শ্রমিককে উদ্ধারের বিষয়টিও জানান অভিযান সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। পরে একাধিক পুলিশ দল অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে টঙ্গীবাড়ি, জিরাবো ও কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তবে আটক অন্য ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জামগড়া পুলিশ ক্যাম্পের এসআই রাশেদুজ্জামান বলেন, ‘কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে এই আন্তজেলা ডাকাত দলের সন্ধান পাই আমরা। এরপর একাধিক দল সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাঁরা পুলিশের ওপর হামলার চেষ্টা করেন এবং পালানোর জন্য ঘরের কয়েকটি দরজা ভেঙে ফেলেন। এমনকি এক নারী পোশাক শ্রমিকের গলায়ও ছুরি ধরেছিলেন। সাড়ে সাত ঘণ্টার অভিযানে শেষ পর্যন্ত আন্তঃজেলা ডাকাত শাওনসহ ছয়জনকে আটক করতে সক্ষম হয়েছি।
তিনি আরও জানান, আটক শাওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।