আওয়ামী লীগ সিন্ডিকেটের কব্জায় ডাক বিভাগ
১৫ নভেম্বর, ২০২৬, 12:21 PM
NL24 News
১৫ নভেম্বর, ২০২৬, 12:21 PM
আওয়ামী লীগ সিন্ডিকেটের কব্জায় ডাক বিভাগ
-নেপথ্যে সাব পোস্ট মাস্টার খলিল
-৩য় শ্রেণীর কর্মচারী হয়েও ডাক বিভাগের অঘোষিত
নিয়ন্ত্রক হয়ে রয়েছেন বহাল তবিয়তে
পর্ব- ০১
উজ্জল হোসেন : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ডাক বিভাগ। ব্রিটিশ আমল থেকে শুরু করে আধুনিক ডিজিটাল যুগ পর্যন্ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিঠিপত্র, পার্সেল ও আর্থিক সেবা পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনিক সিন্ডিকেটের কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও সেবার মান নিয়ে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন গণমাধ্যম ও তদন্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ভেতরে গড়ে ওঠা প্রভাবশালী চক্র ও নির্দিষ্ট কিছু কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। আর এর নেপথ্যে রয়েছেন ঢাকা ক্যান্ট. উপ-ডাকঘরের সাব পোস্ট মাস্টার মুহাম্মদ খলিলুর রহমান ভূইয়া। সম্প্রতি বাংলাদেশ ডাক বিভাগের সাব-পোস্টমাস্টার মুহাম্মদ খলিলুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে বদলি বাণিজ্য, স্বজনপ্রীতি, শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে ডাক বিভাগ নিয়ন্ত্রণ, মাঠ পর্যায়ের অনিয়ম, কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মত গুরুতর অভিযোগ উঠেছে।
এ ছাড়াও স্বৈরাচারী সরকারের দোসর হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে থাকা এবং ডাক বিভাগে আওয়ামী পন্থীদের পুনর্বাসনে তাঁর প্রত্যক্ষে এবং পরোক্ষ জড়িত থাকার ভুমিকা নিয়েও এই দপ্তরের অভ্যন্তরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। প্রযুক্তির প্রসার এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আজ অস্তিত্ব সংকটে ভুগছে। তবে দীর্ঘদিনের রাজনৈতিক পটপরিবর্তনের পরও যদি খলিলুর রহমান ভূইয়ার মত পুরোনো সিন্ডিকেট ও অভিযুক্ত ব্যক্তিরা বহাল তবিয়তে থেকে যান, তবে তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার ও দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে।
ডাক বিভাগের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সাধারণ কর্মচারীদের মধ্যে স্বস্তি নিশ্চিত করতে হলে দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলা অপরিহার্য। একই সঙ্গে, উত্থাপিত সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করাই এখন সময়ের দাবি বলেন জানান এই দপ্তরের একাধিক কর্মকর্তারা। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, তিনি ২০০৪ সালে পোস্টাল অপারেটর পদে ডাক বিভাগের ঢাকা দক্ষিণ মেট্রো সার্কেলে যোগদান করেন।সর্বশেষ তিনি বাংলাদেশ ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, ঢাকা নগরী উত্তর বিভাগের তথ্য বাতায়ন অনুযায়ী ঢাকা ক্যান্টনমেন্ট উপ-ডাকঘরে সাব-পোস্টমাস্টার (এলএসজি) পদে ০৪ আগস্ট ২০২৬ সালে যোগদান করেন।
এর আগে তিনি ২০২৫ সালের তথ্য অনুযায়ী ঢাকার বঙ্গভবন সাব-পোস্ট অফিসে সাব-পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৪ সালে পোস্টাল অপারেটর হিসেবে ডাক বিভাগে যোগদানকারী খলিলুর রহমান ভূঁইয়া বিগত সরকারের আমলে সাবেক ছাত্রলীগ নেতা এবং পরবর্তীকালে ডাক কর্মচারী সংগঠনের দীর্ঘ ৯ বছরের সাধারণ সম্পাদক হিসেবে ব্যাপক প্রভাবশালী হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রভাবশালী বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং আত্মীয় পরিচয় দিয়ে তিনি ডাক বিভাগে দুর্নীতির এক রাম রাজত্ব কায়েম করেছিলেন।
সাধারণ কর্মচারীদের অধিকার রক্ষার পরিবর্তে শ্রমিক সংগঠনের পদটিকে তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিল ও প্রশাসনিক কাজে অবৈধ হস্তক্ষেপের ঢাল হিসেবেই ব্যবহার করেছেন। তিনি জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ডাক কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে টানা ৯ বছর দায়িত্ব পালন কালীন ডাক বিভাগের অঘোষিত প্রধান নিয়ন্ত্রক ছিলেন। ডাক বিভাগের এক সাব পোস্ট মাস্টারের সাথে আলাপকালে তিনি বলেন ডাক বিভাগের প্রশাসনিক কাঠামোয় মাঠপর্যায়ের পোস্ট অফিস এবং সাব-পোস্ট অফিসগুলো সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তিনি বলেন, মহা দুর্নীতিবাজ 'সাব-পোস্ট মাস্টার খলিল'-এর মতো নির্দিষ্ট কিছু পদবিধারী ব্যক্তির নাম নেপথ্যের কারিগর হিসেবে আলোচিত হয়েছে। এ ধরনের প্রভাবশালী ব্যক্তিরা স্থানীয় ও কেন্দ্রীয় রাজনৈতিক ছত্রছায়ায় থেকে নিজস্ব বলয় তৈরি করেন।
গ্রাহকদের সঞ্চয়পত্র ও আমানতের অর্থ তছরুপ, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বদলি বাণিজ্যের মাধ্যমে তারা প্রতিষ্ঠানটিকে ভেতর থেকে দুর্বল করে ফেলেন। মাঠপর্যায়ের এই অনিয়মগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারির অভাবে কিংবা যোগসাজশে দীর্ঘদিন ধরে চলতে থাকে, যা সাধারণ মানুষের আস্থায় বড় ধরনের চিড় ধরায়। পরিশেষে তিনি বলেন এদের মত দুর্নীতির সিন্ডিকেট ও অনিয়মের মূলোৎপাটন করতে না পারলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ডাক বিভাগের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে না ।
কেবলমাত্র স্বচ্ছতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশাসনিক কঠোরতার মাধ্যমেই কেবল জনগণের আস্থা পুনর্গঠন করা সম্ভব। অনুসন্ধানে জানা যায়, তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও সাব পোস্ট মাস্টার মুহাম্মদ খলিলুর রহমান ভূইয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর তার অঘোষিত প্রভাব বিস্তার করতেন , যার ফলে কেউ তার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পেতেন না। সাব পোস্ট মাস্টার মুহাম্মদ খলিলুর রহমান ভূইয়ার প্রভাব-প্রতিপত্তি বাড়তে থাকে মুলত ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই।
সাধারণ কর্মচারী হয়েও তিনি তৎকালীন ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং মাদারীপুরের তৎকালীন এমপি আব্দুস সোবহান গোলাপ, সাবেক রাষ্ট্রপতির ছেলে, পুলিশের সাবেক বিতর্কিত কর্মকর্তা হারুনসহ কয়েক ডজন প্রভাবশালী নেতার সাথে সখ্যতা গড়ে তোলার মাধ্যমেই তিনি ডাক বিভাগের প্রশাসনিক কাঠামোতে নিজেকে অপ্রতিরোধ্য করে তুলেছিলেন। আর এই সকল রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে এবং তাদের সুপারিশের মাধ্যমে তিনি ডাক বিভাগের ভেতরে বদলি ও পদায়ন, নিয়োগ বাণিজ্য, উন্নয়ন প্রকল্প ও টেন্ডার কমিশন নিয়ন্ত্রণ করতেন।
তবে ডাক বিভাগের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম , দুর্নীতি , নিয়োগ বাণিজ্য , উন্নয়ন প্রকল্প ও টেন্ডার কমিশন নিয়ন্ত্রণ এবং জ্ঞাত আয় বহির্ভূত অর্থ সম্পদ অর্জনের বিষয়ে জানতে চাইলে ঢাকা ক্যান্ট. উপ-ডাকঘরের সাব পোস্ট মাস্টার মুহাম্মদ খলিলুর রহমান ভূইয়া কোন অনিয়মের সাথে জড়িত নয় বলে জানান । পরবর্তীতে তিনি প্রতিবেদককে সংবাদটি প্রকাশ না করে তাঁর দপ্তরে চা পানের জন্য নিমন্ত্রন করেন।
দৈনিক মুক্তখবরের অনুসন্ধানে ঢাকা ক্যান্ট. উপ-ডাকঘরের সাব পোস্ট মাস্টার জনাব মুহাম্মদ খলিলুর রহমান ভূইয়ার বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর বেশ কিছু দাপ্তরিক অনিয়ম, দুর্নীতি, সরকারি চাকুরির বাইরে পরিবহন ব্যবসা, রাজনৈতিক প্রভাব বিস্তার করে নিজের আত্মীয় স্বজনদের চাকুরীতে নিয়োগ, ফ্ল্যাট, অত্যাধুনিক গাড়ি এবং গ্রামের বাড়ি কিশোরগঞ্জে গড়ে তোলা বাড়ির তথ্য উপাত্ত উঠে এসেছে যা পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে।