৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, 2:10 PM
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, 2:10 PM
৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার
পাঁচ কার্যদিবস বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে সচল হয়েছে সঞ্চয়পত্র অধিদপ্তরের সার্ভার। অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেডের কারণে বন্ধ ছিল সঞ্চয়পত্র কেনা, নগদায়ন ও প্রত্যয়নপত্র সংগ্রহসহ বিভিন্ন সেবা। এতে পাঁচ দিন ধরে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।
গত চার দিনের মত সোমবার (২৩ নভেম্বর) সকালেও সঞ্চয়পত্র অফিস ও ব্যাংকে এসে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। বিশেষ করে যারা সংসারের খরচ, চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল, তাদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।
গ্রাহকদের অভিযোগ, অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেডের কারণে ৫ কার্যদিবস সঞ্চয়পত্র অধিদপ্তরের সারভার ডাউন থাকায় সঞ্চয়পত্র কেনা, নগদায়ন ও প্রত্যয়নপত্র সংগ্রহসহ বিভিন্ন সেবা নিতে পারছেন না। ফলে একদিকে সময় ও যাতায়াত খরচ বাড়ছে, অন্যদিকে জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে পারছেন না তারা।
এদিকে দুপুরে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে সচল হয় সঞ্চয়পত্র অধিদপ্তরের সার্ভার। দ্রুতই স্বাভাবিক লেনদেনে ফিরবে বলে জানান বাংলাদেশ ব্যাংক মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
সঞ্চয়পত্রের সার্ভার সচল হওয়ায় এবার গ্রাহকদের অপেক্ষার অবসান হওয়ার আশা। তবে পাঁচ দিনের এই অচলাবস্থা সরকারি আর্থিক সেবার ডিজিটাল ব্যবস্থাপনার সক্ষমতা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে।
এর আগে জাতীয় সঞ্চয় অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আপগ্রেডেশন কার্যক্রম চলমান থাকায় সিস্টেমের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়, নগদায়নসহ সংশ্লিষ্ট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। আপগ্রেডেশন শেষ হলে দ্রুততম সময়ে সিস্টেমের স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আয়কর রিটার্ন জমায় অসুবিধা
এ বিষয়ে কর আইনজীবী মো. রবিউল ইসলাম গত বৃহস্পতিবার সময় সংবাদকে বলেন, সঞ্চয়পত্রের তথ্য এখন জাতীয় সঞ্চয় অধিদফতরের সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা যায়। এ জন্য আগের মতো প্রত্যয়নপত্র সংগ্রহের প্রয়োজন হয় না। তবে সার্ভার আপগ্রেডেশনের কারণে বর্তমানে তথ্য সমন্বয় করা যাচ্ছে না। একই সঙ্গে সঞ্চয়পত্রের উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রও সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ‘আমার কাছে এরইমধ্যে দুটি আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু সঞ্চয়পত্রের তথ্য সমন্বয় করতে না পারায় রিটার্ন জমা দিতে পারছি না। সার্ভার থেকে তথ্য নেয়া যাচ্ছে না, আবার প্রত্যয়নপত্রও সংগ্রহ করা যাচ্ছে না। ফলে সঞ্চয়পত্র আছে, এমন করদাতারা ভোগান্তিতে পড়ছেন।’
রবিউল ইসলাম আরও বলেন, সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র হাতে রাখা জরুরি। ভবিষ্যতে কোনো জটিলতা দেখা দিলে কর অফিসে প্রমাণ হিসেবে এটি দেখানোর প্রয়োজন হতে পারে। এ কারণে করদাতাদের প্রত্যয়নপত্র সংগ্রহ করে সংরক্ষণ করার পরামর্শ দেন তারা।
তার মতে, সার্ভার চালু না হওয়া পর্যন্ত সঞ্চয়পত্রের বিনিয়োগের পরিমাণ, সুদের আয় এবং উৎসে কর কর্তনের তথ্য যথাযথভাবে সমন্বয় করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সঞ্চয়পত্রের মূল কাগজপত্র অথবা জাতীয় সঞ্চয় অধিদফতরের সার্ভার থেকে তথ্য সংগ্রহ-যেকোনো একটি উপায় প্রয়োজন।
সমস্যা সমাধানে জাতীয় সঞ্চয় অধিদফতরের কাছে বিকল্প ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন এই কর আইনজীবী। তার মতে, সার্ভারের আপগ্রেডেশন চললেও শুধু উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রের তথ্য সংগ্রহের ব্যবস্থা আলাদাভাবে চালু রাখা যেতে পারে। বিকল্প হিসেবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সঞ্চয়পত্রের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সমন্বয় করে তাদের পোর্টালে যুক্ত করা যেতে পারে।
এতে করদাতারা এনবিআরের পোর্টাল থেকে প্রয়োজনীয় তথ্য ও প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারবেন। জাতীয় সঞ্চয় অধিদফতরের সার্ভারের আপগ্রেডেশন চললেও এ ধরনের বিকল্প ব্যবস্থা চালু থাকলে আয়কর রিটার্ন জমা দেয়ার ক্ষেত্রে ভোগান্তি কমবে বলে মনে করেন তিনি।