হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, 2:44 PM
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, 2:44 PM
হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন এবং প্রোফাইলের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক অনলাইনে আপলোড করতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় ও তথ্য যাচাই করে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ করার পর নির্ধারিত কক্ষ থেকে হেলথ কার্ড সংগ্রহ করা যাবে। গত ১১ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হেলথ কার্ড পেতে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারে অনুমোদিত প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। এরপর হেলথ কার্ডের নিবন্ধন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক আপলোড করতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় ও তথ্য যাচাই শেষে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ হিসেবে হালনাগাদ করলে যেকোনো কর্মদিবসে হাসপাতালের নির্ধারিত কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে।
বিজ্ঞপ্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করার কথাও জানানো হয়েছে। হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারের মাধ্যমে রোগীদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
এতে বলা হয়, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর কোনো রোগী পরপর দুবার চিকিৎসকের পরামর্শ নিতে অনুপস্থিত থাকলে এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিলের সুযোগ থাকা সত্ত্বেও তা বাতিল না করলে তার ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে ওই আইডি ব্যবহার করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব হবে না।
এ ছাড়া পরীক্ষার প্রতিবেদন দেখানোর জন্য প্রতিবেদন পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে রিপোর্ট কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন রোগীদের নিবন্ধনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। এ জন্য সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইট www.skh.gov.bd এর ‘আমার প্রোফাইল’ অপশন ব্যবহার করতে হবে।
সরকারি কর্মচারী ও তাদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার পর প্রয়োজনীয় প্রমাণক ও মূল কাগজপত্রসহ হাসপাতালের ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে। সেখানে নিবন্ধন অনুমোদনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে।
নিবন্ধন, প্রোফাইল হালনাগাদ ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহায়তার জন্য হাসপাতালের আইটি তথ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।