ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রশ্নে নতুন তথ্য দিলেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার নিয়ে পর্যালোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:20 AM

news image

সৌদি আরবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানানো হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।


বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা জানান, গত ৭ আগস্টের বিবৃতিতেও তারা সৌদি আরবের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছিলেন। এবারও লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে নৌ চলাচলের ওপর হামলা ও হুমকির নিন্দা পুনর্ব্যক্ত করেন তারা। একই সঙ্গে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


বিবৃতিতে হুথিদের অবিলম্বে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়।


পরিষদের সদস্যরা ইয়েমেনে বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)-এর তথ্যের বরাত দিয়ে তারা জানান, সেপ্টেম্বরের শুরু থেকে দেশটিতে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাত আরও বাড়লে ইয়েমেনের ইতোমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলেও সতর্ক করেন তারা।


মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে পূর্ণ, নিরাপদ, দ্রুত ও অবাধ সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের ৭৩ কর্মীসহ বিভিন্ন এনজিও, সুশীল সমাজ ও কূটনৈতিক মিশনের আটক কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নিরাপত্তা পরিষদ।


ইয়েমেন সরকারের সঙ্গে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়ে জাতিসংঘ বলেছে, হুথিরা যাতে সামরিক কার্যক্রমের জন্য অস্ত্র, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও অর্থায়ন সংগ্রহ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।


বিবৃতিতে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক আইনের অধীনে আত্মরক্ষার ক্ষেত্রে দেশটির সহজাত অধিকারের বিষয়টি উল্লেখ করা হয়। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম