ঢাকা ০১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক নাস্তার টেবিলেই নিভে গেল ঢাবি অধ্যাপক দীপ্তি সাহার জীবন বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানে উন্নতি আন্দোলন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুবি শিক্ষার্থীরা শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ছোট ঋণে খেলাপির উল্লম্ফন, এক বছরে বেড়েছে ২৪ লাখ গ্রাহক সুয়েজ খাল ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে তেল সরবরাহে বাড়ছে অনিশ্চয়তা মানিকগঞ্জে পাটের ভরা মৌসুম, ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম শুরু আজ

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৬,  11:08 AM

news image

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা এবং শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ শনিবার (১ আগস্ট)। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে সম্প্রতি জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।


নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির জন্য নতুন আবেদন গ্রহণ করা হবে।


এর পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য বিভিন্ন ভাতা এবং শিক্ষা উপবৃত্তির আবেদনও গ্রহণ করা হবে।


আগ্রহীরা dss.bhata.gov.bd/online-application ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আবেদনকারীর নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে।


প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাবের তথ্য দিলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও দিতে হবে।


সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা নতুন করে এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না।


এদিকে, আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নতুন আবেদন এবং আগের অপেক্ষমাণ আবেদনগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের প্রাপ্যতার ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে।


বিদ্যমান নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা অনুমোদনের নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ১ জুলাই ২০২৬ থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।


আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদন গ্রহণ ও যাচাই-বাছাইয়ের সময় কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম