লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মা-নবজাতকের পাশে উপজেলা প্রশাসন
নিজস্ব প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৬, 11:07 AM
নিজস্ব প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৬, 11:07 AM
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মা-নবজাতকের পাশে উপজেলা প্রশাসন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান প্রসব করেছেন। স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্দ্রেরবাড়ি বাসস্ট্যান্ড এলাকার লাইফ এইড হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি একটি সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী আবদুল মান্নান জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে চন্দ্রেরবাড়ি বাসস্ট্যান্ড, বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। কয়েক দিন আগে তাকে গর্ভবতী অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের বিষয়টি নজরে রাখতে বলেন তিনি। শুক্রবার সকালে ওই নারী সন্তান প্রসব করেছেন—এমন খবর পেয়ে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে বিষয়টি পদ্মা সেতু উত্তর থানার পুলিশ, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়কে জানানো হয়।
খবর পেয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু হাসপাতালে ছুটে যান। তিনি মা ও নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নবজাতকের জন্য গুঁড়া দুধসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। পাশাপাশি মা ও শিশুর নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টিও তদারকি করা হচ্ছে।
শনিবার ইউএনও ফারজানা ববি মিতু বলেন, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছে। ওই নারীর অভিভাবকদের সন্ধান পাওয়া গেছে। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুটির সর্বোত্তম কল্যাণ বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।