ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, 10:47 AM
আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, 10:47 AM
ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা
পূর্ব ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৩০ জন গুরুতর আহত হয়েছেন। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দুর্গম হয়ে পড়া এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
শনিবার ১৫ আগস্ট আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে পূর্ব ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর ও স্থানীয় অবকাঠামো ধসে পড়ায় প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির তথ্য অনুযায়ী, শুধু সিক্কা অঞ্চল থেকেই ৩৩০০-এর বেশি মানুষ নিরাপদ আশ্রয় বা স্থানীয় একটি স্টেডিয়ামে অবস্থান নিয়েছেন। ২০২২ সালে পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিকম্পের পর এটিই দেশটির সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।
দেশটির মন্ত্রিপরিষদ সচিব টেডি ইন্দ্র বিজয়া জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য ৩৫০০-এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী তাঁবু, খাবার, সুপেয় পানি, তোশক, কম্বল, জেনারেটর ও স্বাস্থ্যবিধি সামগ্রী পাঠিয়েছে বিএনপিবি।
ভূমিকম্পে মাউমেরে একটি গুরুত্বপূর্ণ বন্দরের ছাদ ও দেয়াল ধসে পড়ায় সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মূল ভূমিকম্পের পর এলাকায় প্রায় ১০০০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
ঘন ঘন পরবর্তী কম্পনের আশঙ্কায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজদের উদ্ধার, বাস্তুচ্যুতদের সহায়তা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন স্থানীয় কর্তৃপক্ষ।