বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, 11:36 AM
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, 11:36 AM
বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার
সিঙ্গাপুরে নতুন নিয়ম
সিঙ্গাপুরে বাসযাত্রীদের জন্য নতুন কঠোর নিয়ম চালু হয়েছে। এখন বাসের আসনে পা তুলে বসা, উচ্চ শব্দে অডিও চালানো, বাসের ভেতরে খাওয়া-দাওয়া কিংবা ময়লা ফেলার মতো আচরণের জন্য সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে।
সোমবার নতুন বিধিমালা ঘোষণা করে দেশটির ভূমি পরিবহন কর্তৃপক্ষ (এলটিএ) জানিয়েছে, এসব নিয়মের লক্ষ্য হলো সবার জন্য নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন পরিবেশ নিশ্চিত করা। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এ ছাড়া বাস টার্মিনালে যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করা, অন্যদের জন্য বিপদ তৈরি করা কিংবা বাস ও বাস টার্মিনালের কোনো অংশ নোংরা করার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার হতে পারে।
নতুন নিয়মগুলো সিঙ্গাপুরের গণপরিবহনের রেল ব্যবস্থা, অর্থাৎ এমআরটির (ম্যাস র্যাপিড ট্রানজিট) বিদ্যমান বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতদিন বাসে এ ধরনের আচরণ নিয়ন্ত্রণে মূলত বাস কোম্পানির নিজস্ব নীতিমালা কার্যকর ছিল। চালকেরা যাত্রীকে বাস থেকে নেমে যেতে বলতে পারতেন। এখন এসব আচরণ আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে এবং তাৎক্ষণিক জরিমানা করা যাবে।
এলটিএ জানিয়েছে, টিকিট পরিদর্শক ও বাস বিনিময়কেন্দ্রের কর্মীদের মতো অনুমোদিত বাসকর্মীরা অপরাধে জড়িত বলে সন্দেহ হওয়া যাত্রীকে আনুষ্ঠানিক নোটিশ দিতে পারবেন। তবে বাসচালকদের এই ক্ষমতা দেওয়া হয়নি। সিঙ্গাপুরে বাসচালকদের ‘ক্যাপ্টেন’ বলা হয়।
বাসচালকদের মূল দায়িত্ব নিরাপদে বাস চালানো। তবে তারা যাত্রীদের বিশৃঙ্খল আচরণ বন্ধ করতে বলতে পারবেন। কেউ নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হতে পারে। গুরুতর পরিস্থিতিতে পুলিশও হস্তক্ষেপ করতে পারে।
গণপরিবহনে যাত্রীদের বিরক্তিকর আচরণ নিয়ন্ত্রণে শুধু সিঙ্গাপুরই নয়, বিশ্বের বিভিন্ন শহরেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলতি বছর পোল্যান্ডের ক্রাকোভ শহরে যানবাহনের ভেতরে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে অন্য যাত্রীদের শান্তি ও স্বস্তি নষ্ট করলে সর্বোচ্চ ২০০ জ্লোটি জরিমানার নিয়ম চালু হয়েছে।
যুক্তরাজ্যেও ট্রেন ও স্টেশনে অসামাজিক আচরণের বিরুদ্ধে আইন রয়েছে। অনুমতি ছাড়া এমন কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার করা নিষিদ্ধ, যা অন্য যাত্রীদের বিরক্ত করতে পারে। দেশটিতে বাসসহ সব ধরনের গণপরিবহনে উচ্চ শব্দে গান বা ভিডিও চালানো ব্যক্তিদের, যাদের অনেকে ‘হেডফোন ডজার’ হিসেবে পরিচিত, নির্দিষ্টভাবে জরিমানার আওতায় আনার প্রস্তাবও দিয়েছেন অনেকে। এ ধরনের জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১ হাজার পাউন্ড হতে পারে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
সিঙ্গাপুরের এলটিএ বলেছে, গণপরিবহন একটি সবার জন্য উন্মুক্ত যৌথ পরিসর। তাই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক যাত্রীরই দায়িত্ব রয়েছে।