ফের ইরানের রহস্যময় ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর, ২০২৬, 11:04 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর, ২০২৬, 11:04 AM
ফের ইরানের রহস্যময় ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির সন্দেহভাজন রহস্যময় ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে মাত্র এক ঘণ্টার মধ্যেই সেখানে হামলা চালানো সম্ভব বলেও দাবি করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ‘পিকঅ্যাক্সে’ হামলা চালানোর প্রয়োজন হতে পারে। যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময়, এমনকি মাত্র এক ঘণ্টার মধ্যেই এই অভিযান পরিচালনা করতে পারে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে কি না, জানতে চাইলে ট্রাম্প সেই আশঙ্কার সম্ভাবনা নাকচ করেননি। তিনি বলেন, তেহরান সমঝোতায় না এলে পরিস্থিতি আবারও যুদ্ধের দিকে গড়াতে পারে। তবে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে যথেষ্ট আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি। দুই দেশের মধ্যে সমঝোতা হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারলে তিনি সেটিকেই অগ্রাধিকার দেবেন। কারণ, এর মাধ্যমে বহু মানুষের প্রাণহানি এড়ানো সম্ভব হবে।
এদিকে, হরমুজ প্রণালিতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে সামনে এলো, যখন গুরুত্বপূর্ণ এই নৌপথে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদের ওপর ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর ইরানের লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযানগুলোকে ‘সীমিত প্রতিরক্ষামূলক’ হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।