ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’
আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর, ২০২৬, 11:21 AM
আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর, ২০২৬, 11:21 AM
ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় রবিবার নয়জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কয়েক মুহূর্ত আগে জরুরি সংকেত দেন পাইলট ।
রবিবার ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার আশঙ্কায় সোমবার বিকেল পর্যন্ত সতর্কতা জারি রেখেছিল যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর।
উড়োজাহাজটি প্রায় ৩৫ হাজার ফুট (১১ কিলোমিটার) উচ্চতায় পূর্বদিকে যাচ্ছিল। এ সময় পাইলটরা ঝাঁকুনি, বরফ জমা এবং বৃষ্টিপাতের কথা জানান। পাশাপাশি আরও ২ হাজার ফুট (৬১০ মিটার) উচ্চতায় ওঠার অনুমতি চান।
এর কিছুক্ষণ পরই উড়োজাহাজটি খাড়াভাবে নিচে নামতে শুরু করে। এ সময় প্রতি মিনিটে প্রথমে ১০ হাজার ফুট, পরে ২০ হাজার ফুট এবং একপর্যায়ে ৩০ হাজার ফুট পর্যন্ত উচ্চতা হারাতে থাকে। এভাবে উড়োজাহাজটির গতি নির্ধারিত নকশাগত সীমা ছাড়িয়ে যায়। বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের রেকর্ড করা কথোপকথন এবং ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য থেকে এসব জানা গেছে।
একপর্যায়ে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে বিপৎসংকেত পাঠান। মাটিতে আছড়ে পড়ার আগে উড়োজাহাজটি ডানদিকে তীব্রভাবে কাত হয়ে যায়।
লাইভএটিসি ডট নেট-এর সংরক্ষিত এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ডিং থেকে জানা যায়, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে পাইলট বলেন, ‘আমাদের উড়োজাহাজে হালকা ও স্বচ্ছ বরফ জমেছে যা নিয়ন্ত্রণযোগ্য, তবে মাঝারি ধরনের ঝাঁকুনি হচ্ছে।’
রেডিও বার্তায় পাইলটকে বলতে শোনা যায়, ‘আমরা দ্রুত নিচে নেমে যাচ্ছি, প্রতি মিনিটে ৮,০০০ ফুট—মে ডে, মে ডে—আমরা প্রতি মিনিটে ১০,০০০ ফুট নিচে নেমে যাচ্ছি।’
বিপদ আরও চরম রূপ নিলে পাইলট আসন্ন বিপর্যয়ের ভয়াবহতা জানিয়ে শেষ রেডিও বার্তায় বলেন, ‘আমরা ওভারস্পিডে আছি এবং প্রতি মিনিটে ২০,০০০ ফুট নিচে নামছি। আমরা মাটিতে বিধ্বস্ত হতে যাচ্ছি।’
আকাশ থেকে খাড়াভাবে নিচে নেমে আসার পর উড়োজাহাজটি একটি ব্যস্ত সড়কের পাশে আছড়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ অগ্নিগোলকে পরিণত হয়।
এতে উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্যমতে, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক উড়োজাহাজবন্দর থেকে বাহামাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ কিংবা আরোহীদের পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
উল্লেখ্য, ফ্লোরিডার যে এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে, সেখান থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগো দূরত্ব মাত্র ১৪ দশমিক ৪৮ কিলোমিটার (৯ মাইল)। তথ্যসূত্র : এনবিসি মিয়ামি