পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, 12:08 PM
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, 12:08 PM
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে চারজন ফায়ার ফাইটারকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল ৭টা ৪০ মিনিট পর্যন্ত তা পুরোপুরি নির্বাপণ করা যায়নি।
অসুস্থ হলেন- পলাশী ফায়ার স্টেশনের মো. জিল্লুর রহমান, এই স্টেশনের লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজারের স্টেশন অফিসার মো. মারুফ ও খিলগাও স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।
ফায়ার সার্ভিসের মুখপাত্র মো. তালহা বিন জসিম বলেন, আগুন পুরোপুরি নেভাতে এখনও ১০টি ইউনিট কাজ করছে। বর্তমানে আগুন নির্বাপনের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সাংবাদিকদের জানান, আগুন নেভানোর কাজে প্রায় ১৫০ জন ফায়ারফাইটার অংশ নেন।
তিনি বলেন, সরু রাস্তা ও ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নেভানোর কাজে বাধার মুখে পড়তে হয়। ঘটনাস্থলে বড় অগ্নিনির্বাপণ গাড়ি ও পানিবাহী যান নেওয়া কঠিন ছিল। এছাড়া ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হয়।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কতটি দোকান বা গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।