ঢাকা ০৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ অজানা উৎস থেকে ফের ড্রোন হামলা, বন্ধ ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ঢাকায় অভিযানে গ্রেফতার ৫৪১ এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার মজুরি বোর্ডের দ্বিতীয় সভা বেলা ১১টায় যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত, ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক নতুন এক পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তরের প্রস্তাব

এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

#

০৯ নভেম্বর, ২০২৬,  11:17 AM

news image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ কিছুটা কমায় নতুন সপ্তাহের শুরুতে এশিয়ার পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।


সোমবার জাপান, তাইওয়ানসহ এশিয়ার কয়েকটি প্রধান বাজারে সূচক বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা জোরালো হওয়ায় শক্তিশালী অবস্থানে রয়েছে ডলার। অন্যদিকে ইরানের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনার অগ্রগতির আশায় কমেছে জ্বালানি তেলের দাম।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জাপান ছাড়া অন্যান্য দেশের শেয়ারবাজারের সূচক ০.৮ শতাংশ বেড়েছে। জাপানের নিক্কেই সূচক বেড়েছে ২.৫ শতাংশ। তাইওয়ানের বাজারেও প্রায় ২.৫ শতাংশ উত্থান হয়েছে। গত সপ্তাহে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছিল দেশটির পুঁজিবাজার। দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারেও সামান্য উত্থান দেখা গেছে।


গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারের উত্থান এশিয়ার বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। এর আগে এআই প্রযুক্তির ব্যবসায়িক সম্ভাবনা, বিপুল অবকাঠামো বিনিয়োগের ব্যয় এবং এ খাতে সরকারি নিয়ন্ত্রণ বাড়ার আশঙ্কায় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়েছিল। এতে গত সপ্তাহে এশিয়ার প্রযুক্তিনির্ভর বাজারগুলো কয়েক বছরের মধ্যে বড় দরপতনের মুখে পড়ে।


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর এআই ও তথ্যকেন্দ্র খাতে নিয়ন্ত্রণ বাড়তে পারে- এমন আশঙ্কাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে বিপুল অর্থ বিনিয়োগের পর এআই প্রতিষ্ঠানগুলো কতটা মুনাফা করতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


চলতি সপ্তাহে কোরওয়েভ, অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালস ও সিসকো সিস্টেমসের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা। এসব প্রতিষ্ঠানের আয় ও মুনাফার হিসাব থেকে এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগের কার্যকারিতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথিত এক চীনা গুপ্তচরের সম্পর্ক নিয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তদন্তও প্রযুক্তি খাতের শেয়ারে অস্থিরতা তৈরি করতে পারে।


তেলের দাম কমছে

মধ্যপ্রাচ্যে সংঘাত প্রশমনের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৪৯ সেন্টে নেমে আসে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে সংঘাত অবসানে আলোচনা এগোলে দেশটিতে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা কম। এর আগে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ এবং গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এতে তেলের বাজারে অস্থিরতা বাড়ে। এখন কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখা দেওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা আশ্বস্ত হচ্ছেন।


সুদের হার বাড়ানোর সম্ভাবনা, ডলারে উত্থান

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান পরিস্থিতির প্রত্যাশার চেয়ে ভালো তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। গত মাসে দেশটিতে নতুন করে ১ লাখ ৬৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।


শ্রমবাজারের এই শক্তিশালী অবস্থান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর পক্ষে যুক্তি জোরালো করেছে। বাজারের পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের বৈঠকে অন্তত ০.২৫ শতাংশ পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য প্রকাশিত হওয়ার কথা। মূল্যস্ফীতির এ পরিসংখ্যান সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও স্পষ্ট করতে পারে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসও বলেছেন, ধারাবাহিক অর্থনৈতিক ধাক্কা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। তবে মূল্যস্ফীতি এখনো বেশি এবং তা ২ শতাংশে নামিয়ে আনা জরুরি।


এসব কারণে ডলারের মূল্য বেড়েছে। গত পাঁচ মাসের মধ্যে এক দিনে সবচেয়ে বড় উত্থান হয়েছে মার্কিন মুদ্রাটির। প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের অবস্থান পরিমাপক ডলার সূচক বেড়ে ১০২ দশমিক ২ হয়েছে। ইউরোর বিনিময়মূল্য প্রায় অপরিবর্তিত থেকে প্রতি ডলারে ১ দশমিক ১১৪৮ ইউরোতে দাঁড়িয়েছে। জাপানি ইয়েনের দাম ডলারের বিপরীতে ০.২ শতাংশ বেড়ে ১৫৮ দশমিক ২১৫ হয়েছে।


এদিকে ক্রিপ্টোকারেন্সির বাজারেও দরপতন দেখা গেছে। বিটকয়েনের দাম ২ শতাংশের বেশি কমে ৭৩ হাজার ৭০৮ ডলারে নেমেছে। ইথারের দাম কমেছে প্রায় ৫ শতাংশ; প্রতি ইউনিটের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ২২৩ ডলার। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এ দুই ডিজিটাল মুদ্রার দাম। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ বাড়ায় ক্রিপ্টোকারেন্সি খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ হতে পারে- এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে কাজ করছে।


বাজার বিশ্লেষকদের মতে, গত সপ্তাহের বড় ধাক্কার পর এশিয়ার শেয়ারবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও অস্থিরতা কাটেনি। এআই খাতের মুনাফা, যুক্তরাষ্ট্রের সুদের হার, মূল্যস্ফীতির তথ্য এবং ইরান যুদ্ধের গতিপ্রকৃতি- এসব বিষয়ই চলতি সপ্তাহে বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য সূত্র- রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম