নেশনস লিগে ইসরায়েল ইস্যু: আয়ারল্যান্ডের অনুরোধ প্রত্যাখ্যান উয়েফার
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, 11:12 AM
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, 11:12 AM
নেশনস লিগে ইসরায়েল ইস্যু: আয়ারল্যান্ডের অনুরোধ প্রত্যাখ্যান উয়েফার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ হিসেবে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের সঙ্গে একই গ্রুপে না রাখার অনুরোধ করেছিল আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই)। কিন্তু তাদের সেই অনুরোধ বাতিল করে দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
এফএআই প্রধান নির্বাহী ডেভিড কোরেল জানান, তারা উয়েফাকে অনুরোধ করেছিলেন যেন ভবিষ্যতে আয়ারল্যান্ড ও ইসরায়েলকে একই গ্রুপে না ফেলা হয়। তবে উয়েফা তাদের জানিয়েছে যে এমন ব্যবস্থা সম্ভব নয়, কারণ আয়ারল্যান্ড ও ইসরায়েল কখনো সরাসরি কোনো সংঘাতে জড়ায়নি।
উয়েফার এক বিবৃতিতে জানিয়েছে, “কোনো দলকে একে অপরের বিপক্ষে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন বিষয় বিবেচনা করে, বিশেষ করে দুই দেশের মধ্যে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকলে। প্রতিটি পরিস্থিতি সতর্কতার সঙ্গে দেখা হয় এবং সব তথ্য ও উন্নয়ন পর্যবেক্ষণ করা হয়।”
এদিকে এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। সংস্থাটির যোগাযোগ প্রধান শ্লোমি বারজেল বলেন, “প্রশ্নটা উয়েফা-এর কাছে করা উচিত—এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ ছিল কি না, নাকি এটি কেবল আরেকটি গুরুত্বহীন মন্তব্য?”
তিনি যোগ করেন, “আমরা অনেক আগেই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন মন্তব্যে গুরুত্ব দেওয়া বন্ধ করেছি। এখন আমরা মাঠে লক্ষ্য অর্জনের জন্য পেশাদার প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছি।”
গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসেসিয়েশনের সদস্যরা বিপুলভাবে ভোট দিয়ে বোর্ডকে নির্দেশ দিয়েছিলেন যেন উয়েফাকে ইসরায়েলকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে স্থগিত করার অনুরোধ জানানো হয়। এরপরও ফেব্রুয়ারিতে নেশনস লিগ ড্রতে দুই দলকে একসঙ্গে রাখা হয়। এ বছরের মে মাসে শীর্ষ আইরিশ ফুটবলার ও সেলিব্রিটিরা ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানান।
এদিকে, উয়েফার সিদ্ধান্তের পর নিরাপত্তা উদ্বেগ ও তীব্র বিতর্কের মুখে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়া হয়। ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হোম ম্যাচটি হাঙ্গেরির ডেব্রেসেনে হবে, যেখানে আইরিশ সমর্থকদের জন্য কোনো টিকিট বরাদ্দ থাকবে না। আর ৪ অক্টোবর আয়ারল্যান্ডের হোম ম্যাচটি সার্বিয়ার বাকা টোপোলায় দর্শকশূন্যভাবে মাঠে অনুষ্ঠিত হবে। সূত্র: রয়টার্স