ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ ৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন, ২০২৬,  11:18 AM

news image

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্স, স্পেন ও ইতালিতে রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। গরম থেকে স্বস্তি পেতে নদী ও জলাশয়ে নামতে গিয়ে শুধু ফ্রান্সেই গত বৃহস্পতিবার থেকে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।


তীব্র গরমের কারণে মঙ্গলবার নির্ধারিত সময়ের আগেই বন্ধ ঘোষণা করা হয় আইফেল টাওয়ার। রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত খোলা রাখার পরিবর্তে বিকেল ৪টায় এটি বন্ধ করে দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থীসমৃদ্ধ জাদুঘর ল্যুভও বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৪টায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।


ফ্রান্সের ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি বলেছেন, তাপপ্রবাহের সময় অনেক মানুষ ঝুঁকি উপেক্ষা করে নদী ও জলাশয়ে নামছেন, যা প্রাণহানির কারণ হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তাহীন স্থানে সাঁতার কাটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।


ফ্রান্সে মঙ্গলবার জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশটির গড় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সোমবার রাত ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাত। ফরাসি আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ওই রাতে সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। পরিবারের সঙ্গে সেঁন নদীতে গোসল করতে নেমে সে ডুবে যায়। এ ছাড়া লিঁও শহরের কাছে রোন নদী থেকে উদ্ধার করা এক তরুণ পেশাদার ফুটবলার সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ফ্রান্সে সোমবার চরম গরমের কারণে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় কারপন্ত্রা শহরে পারিবারিক গাড়ির ভেতর দুই ও চার বছর বয়সী দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।


স্পেনেও তাপপ্রবাহ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আন্দালুসিয়া, কান্তাব্রিয়া ও বাস্ক অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দেশটির ৮২৮টি আবহাওয়া কেন্দ্রের মধ্যে ১০১টিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। আন্দুহার এলাকায় সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


ইতালিতে রোম, মিলান, ফ্লোরেন্স, তুরিন ও ভেনিসসহ ১৫টি শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সরকার কৃষি ও নির্মাণশ্রমিকদের সুরক্ষায় দিনের সবচেয়ে গরম সময়ে কাজ বন্ধ রাখার ব্যবস্থা পুনরায় চালু করেছে।


এদিকে জার্মানিতেও কয়েকজন ডুবে মারা গেছেন। দেশটির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জার্মান লাইফসেভিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত সাঁতার কাটতে গিয়ে ছয়টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।


তাপপ্রবাহের প্রভাবে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গোলফেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যারোন নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার থেকে আইবেরীয় উপদ্বীপে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। তবে শুক্রবার নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানিতে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে। এ কারণে নেদারল্যান্ডসে ‘কোড অরেঞ্জ’ সতর্কতা এবং বেলজিয়ামে জাতীয় তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে গ্রীষ্মের শুরুতেই তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে এবং তা আগের তুলনায় আরও দীর্ঘস্থায়ী ও তীব্র হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম