ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস ‘ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে, আলোচনার সুযোগ রয়েছে’

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হবে বিদেশি শিক্ষার্থী

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৬,  11:17 AM

news image

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পাশাপাশি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ইতালীয় ভাষা শেখার ক্ষেত্রে গুরুতর সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ভাষা শেখার ব্যবস্থা করার পরিকল্পনাও করা হচ্ছে।


রবিবার (২০ সেপ্টেম্বর) রোমে নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।


মেলোনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি শ্রেণিতে সর্বোচ্চ কতজন থাকতে পারবেন, সে বিষয়ে শিগগিরই মন্ত্রিসভায় একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। তবে শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা কত হবে, তা তিনি জানাননি।


তিনি বলেন, কোনো শ্রেণিতে একজন শিক্ষার্থী ইতালীয় ভাষা না জানলে সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় তার ভাষা শেখা এবং স্কুলের পরিবেশে মানিয়ে নেওয়া সম্ভব। কিন্তু ভাষা না জানা শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেলে তা আর সামাজিক একীভূতকরণ নয়, বরং অবহেলায় পরিণত হয়।


এ ছাড়া স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার কথাও জানান মেলোনি। তবে হিজাব নিষিদ্ধের কথা তিনি বলেননি। প্রস্তাবটি সরকার অনুমোদনের পর আইনে পরিণত করতে সংসদের অনুমোদন প্রয়োজন হবে।


ইতালিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার বিধান আগে থেকেই রয়েছে। বর্তমানে কোনো শ্রেণি ও বিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সাধারণত ৩০ শতাংশের মধ্যে রাখার নিয়ম রয়েছে। ভাষায় দক্ষতা থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা বাড়ানো এবং ইতালীয় ভাষায় দুর্বল শিক্ষার্থীর ক্ষেত্রে কমানোর সুযোগও রয়েছে।


সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইতালির স্কুলে ভর্তি শিক্ষার্থীদের প্রায় ১২ শতাংশ বিদেশি নাগরিক। অভিবাসন ও বিদেশিদের ইতালীয় সমাজে একীভূতকরণ দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আগামী বছর দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। মেলোনি বলেন, ইতালিতে যারা ভবিষ্যৎ গড়তে চান, তাদের দেশটির ভাষা শেখা, সংস্কৃতি বোঝা এবং নিয়ম মেনে চলা প্রয়োজন।

তথ্যসূত্র: এপি, ডন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম