আলভারেজকে নিয়ে রিয়াল-বার্সার লড়াই, ১৫০ মিলিয়নের মেগা অফার প্রত্যাখ্যান অ্যাতলেটিকোর
স্পোর্টস ডেস্ক
১০ জুন, ২০২৬, 11:15 AM
স্পোর্টস ডেস্ক
১০ জুন, ২০২৬, 11:15 AM
আলভারেজকে নিয়ে রিয়াল-বার্সার লড়াই, ১৫০ মিলিয়নের মেগা অফার প্রত্যাখ্যান অ্যাতলেটিকোর
আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে বেশ তোরজোর চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। আলভারেজের জন্য তার দল অ্যাতলেটিকো মাদ্রিদকে ইতোমধ্যে ১০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাবও পাঠিয়েছে কাতালানরা। তবে, সেই প্রস্তাবে সাড়া দেয়নি অ্যাতলেটিকো। আলভারেজ বিক্রির জন্য নয়- বার্সেলোনাকে এমনটি সাফ জানিয়ে দিয়েছে ক্লাবটি। শোনা যাচ্ছে, আলভারেজ নিজেও বার্সেলোনার হয়ে খেলতে আগ্রহী। তবে, আপাতত বিশ্বকাপেই মনোযোগ দিতে চান আর্জেন্টাইন স্ট্রাইকার। বিশ্বকাপের পর বার্সেলোনার সঙ্গে পুনরায় তিনি আলোচনা করবেন বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এর মধ্যেই আলভারেজকে দলে ভেড়ানোর দৌড়ে ঢুকে পড়েছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আলভারেজের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল এক অফার পাঠিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে, রিয়ালের এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
গত সপ্তাহে ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলে একটি ‘গ্যালাকটিকো’ তারকার জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রবিবার নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।
তবে ২৬ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আলভারেজকে ছাড়তে রাজি হয়নি অ্যাতলেটিকো। ক্লাবটি জানিয়ে দেয়, খেলোয়াড়ের চুক্তিতে ৫০০ মিলিয়ন ইউরোররিলিজ ক্লজ রয়েছে। এর চেয়ে কমে তাকে বিক্রির কোনো প্রশ্নই ওঠে না।
গতরাতে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, আজ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, আমরা হুলিয়ান আলভারেজের খেলোয়াড়ি স্বত্বের জন্য ক্লাব অ্যাতলেটিকো দে মাদ্রিদের কাছে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছি। প্রস্তাবটি পর্যালোচনা করার পর অ্যাতলেটিকো মাদ্রিদ আমাদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং খেলোয়াড়ের রিলিজ ক্লজের কথা উল্লেখ করেছে।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়ালের বিবৃতিটি শেয়ার করে একগুচ্ছ হাসির ইমোজি পোস্ট করে কটাক্ষ করে অ্যাতলেটিকো মাদ্রিদ।
আরেকটি পোস্টে তারা লেখে, আপনারা হয়তো ভদ্রতাকে কৃতজ্ঞতা ভেবে ভুল করেছেন। পরিষ্কার করে বলছি, আমরা আপনাদের কোনো কিছুর জন্য ধন্যবাদ দিচ্ছি না। হুলিয়ানকে নিয়ে কোনো প্রস্তাব আমরা বিবেচনাও করছি না। আর সম্পর্ক খারাপ হবে কেন? আপনারা আমাদের বার্সেলোনার চেয়েও বেশি হাসান!
শেষ পোস্টে অ্যাতলেটিকো আরও খোঁচা দিয়ে লেখে, পুনর্নির্বাচিত সভাপতির সঙ্গে ভালো সম্পর্কের সুযোগ নিয়ে বলছি, আমাদের একাডেমির খেলোয়াড় ‘চুরি’ করা বন্ধ করবেন আশা করি। ধন্যবাদ, রিয়াল মাদ্রিদ!
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৮১.৫ মিলিয়ন পাউন্ডে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। ২০২২ এর বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড গত মৌসুমে ৪৯ ম্যাচে ২০ গোল করেন। তার পারফরম্যান্সে অ্যাতলেটিকো লা লিগায় চতুর্থ স্থান অর্জন করে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও পৌঁছে যায়।