আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি
ক্রীড়া প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, 11:46 AM
ক্রীড়া প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, 11:46 AM
আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) আসন্ন মৌসুমের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। ২৩ দেশের চার শতাধিক ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়। বাংলাদেশের ক্রিকেটারদের তিনটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
এর মধ্যে তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন রয়েছেন নিলামের সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৮ লাখ ৬০ হাজার টাকা।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের এই তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন ও ফিল সল্ট, পাকিস্তানের নাসিম শাহ ও ফখর জামান, আফগানিস্তানের ফজলহক ফারুকিসহ বেশ কয়েকজন তারকা।
বাংলাদেশের আরও চার ক্রিকেটার—শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত রয়েছেন ৪০ হাজার ডলার ভিত্তিমূল্যের দ্বিতীয় ক্যাটাগরিতে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯ লাখ ৩০ হাজার টাকা।
এই ক্যাটাগরিতে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, পাকিস্তানের শাদাব খান, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও শ্রীলঙ্কার কুশল পেরেরার মতো ক্রিকেটাররা।
এদিকে ১০ হাজার ডলার ভিত্তিমূল্যের তৃতীয় ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি মুদ্রায় এই ভিত্তিমূল্য প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা।
বাংলাদেশের আরেক তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে অবশ্য নিলামে উঠতে হচ্ছে না। প্রি-সাইনিং প্রক্রিয়ার মাধ্যমে আগেই দল নিশ্চিত করেছেন তিনি। আসন্ন মৌসুমে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাঁহাতি এই পেসার।
নিলামে এবার মোট ২৩ দেশের ক্রিকেটারদের অংশগ্রহণ থাকছে। ২০০ বিদেশি ক্রিকেটারসহ চার শতাধিক ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কুয়েত ও সৌদি আরবের ক্রিকেটাররাও নিলামের পুলে রয়েছেন। ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে নিবন্ধন করেছেন মুরুগান অশ্বিন। পাকিস্তান থেকে রয়েছেন ১৭ জন ক্রিকেটার।
নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৩ লাখ মার্কিন ডলারের বাজেট নিয়ে শুরু করবে। এর বাইরে প্রি-সাইনিংয়ের জন্য প্রতিটি দলকে আরও ৭ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল।