ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৪৮-৪৭ ভোটে নাকচ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুন, ২০২৬,  5:05 PM

news image

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব অল্প ব্যবধানে নাকচ করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে ৪৮-৪৭ ব্যবধানে এই প্রস্তাবটি পাস হয়নি।


এই প্রস্তাবের মূল লক্ষ্য ছিল—কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ করা। এটি ছিল ডেমোক্র্যাটদের নেতৃত্বে উত্থাপিত নবম প্রচেষ্টা। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে এই প্রস্তাব আনা হচ্ছিল।


সিনেটের এই ভোটটি এমন সময় অনুষ্ঠিত হলো, যখন হোয়াইট হাউস ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এবং সংঘাত শেষ করার লক্ষ্যে একটি প্রাথমিক কাঠামোগত সমঝোতা ঘোষিত হয়েছে। তবে এই সমঝোতার বিস্তারিত তথ্য এখনো কংগ্রেসকে জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।


ভোটাভুটিতে দলীয় বিভাজন স্পষ্টভাবে দেখা যায়। যদিও রিপাবলিকান দলের কয়েকজন সিনেটর—লুইজিয়ানা’র বিল ক্যাসিডি, মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকোভস্কি এবং কেনটাকির র‌্যান্ড পল—ডেমোক্র্যাটদের সঙ্গে পক্ষে ভোট দেন। অন্যদিকে, পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান অধিকাংশ রিপাবলিকানের সঙ্গে প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দেন।


এ ছাড়া পাঁচজন সিনেটর ভোটদান থেকে বিরত থাকেন। তারা হলেন রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল ও জশ হাওলি এবং ডেমোক্র্যাট সিনেটর মাইকেল বেনেট, কোরি বুকার ও স্বতন্ত্র বার্নি স্যান্ডার্স।


এই প্রস্তাবটি জর্জিয়ার ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ারনক উত্থাপন করেছিলেন। এর আগে ১৯ মে আরেকটি যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাব সিনেটে অগ্রসর হলেও সেটিও এখনো চূড়ান্ত পাসের অপেক্ষায় রয়েছে। সেটি ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনের নেতৃত্বে আনা হয়েছিল।


আইনপ্রণেতাদের একটি বড় অংশ বলছে, ট্রাম্প প্রশাসন এখনো যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার বিস্তারিত পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করেনি। বিশেষ করে ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, তারা বিষয়টি নিয়ে যথেষ্ট তথ্য পাচ্ছেন না।


বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ—দু’টিতেই রিপাবলিকানদের অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যদিও সম্প্রতি প্রতিনিধি পরিষদ একটি প্রস্তাব সমর্থন করেছে, যার লক্ষ্য ছিল ইরান যুদ্ধ শেষ করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম