ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার ৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা মেসির গোল ও অ্যাসিস্ট, উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির ড্র ক্রিকবাজের প্রতিবেদন : মুশফিকের অভিজ্ঞতাই বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা ট্রাম্পের একক সিদ্ধান্তে বিপাকে দক্ষিণ কোরিয়া, ৭২ বছরের সামরিক মিত্রতা প্রশ্নবিদ্ধ কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২৬,  12:07 PM

news image

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় ৩৪ বছর আগে নিখোঁজ হওয়া দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ উদ্ধার হয়েছে। দীর্ঘদিন বরফের নিচে চাপা থাকার পর হিমবাহ গলতে শুরু করায় তাদের মরদেহের সন্ধান মিলেছে। বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের ভালাইস ক্যান্টন পুলিশ।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই দক্ষিণ সুইজারল্যান্ডের ইতালি সীমান্তের কাছে ট্রিফট হিমবাহে এক পথচারী দুটি মরদেহ দেখতে পান। পরে উদ্ধার করে মরদেহ দুটি সিওনের ভালাইস হাসপাতালের ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে পাঠানো হয়।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, মরদেহদুটি ১৯৯২ সালে ওয়েইসমিস এলাকায় নিখোঁজ হওয়া দুই পর্বতারোহীর। নিখোঁজ হওয়ার সময় তাদের বয়স ছিল ৩৯ ও ৪১ বছর।

ভালাইস পুলিশ জানিয়েছে, ১৯২৫ সাল থেকে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংরক্ষণ করে আসছে তারা। এসব নিখোঁজের বেশির ভাগ ঘটনাই ঘটেছে দুর্গম পাহাড়ি এলাকা ও নদীতে।

পুলিশ বলছে, হিমবাহের বরফ দ্রুত গলে যাওয়ায় কয়েক দশক আগে পাহাড়ে নিখোঁজ হওয়া মানুষের দেহাবশেষ এখন প্রায়ই বেরিয়ে আসছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিমবাহ গলার হার বেড়েছে। এতে বছরের পর বছর বরফের নিচে চাপা পড়ে থাকা পর্বতারোহীদের মরদেহ ও দেহাবশেষ একে একে সামনে আসছে।

গত বছর সুইস আল্পসের ওবার গাবেলহর্ন পর্বতের একটি হিমবাহ থেকে ১৯৯৪ সালে নিখোঁজ হওয়া এক সুইস পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধার করা হয়।

২০২৫ সালের আগস্টে অ্যান্টার্কটিকার কিং জর্জ দ্বীপে একটি গলতে থাকা হিমবাহের কাছে পাওয়া যায় ১৯৫৯ সালে নিখোঁজ হওয়া এক ব্রিটিশ গবেষকের দেহাবশেষ। একই সময়ে পাকিস্তানের একটি হিমবাহ থেকে উদ্ধার করা হয় ১৯৯৭ সালে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ।

২০২৪ সালের জুলাইয়ে পেরুর একটি বরফঢাকা পর্বত থেকে উদ্ধার করা হয় ২০০২ সালে নিখোঁজ হওয়া এক মার্কিন পর্বতারোহীর মরদেহ। এর আগের বছর সুইস আল্পসের একটি হিমবাহ থেকে উদ্ধার করা হয়েছিল ১৯৮৬ সালে নিখোঁজ হওয়া এক জার্মান পর্বতারোহীর দেহাবশেষ।

এমন ঘটনা নতুন নয়। ২০১৭ সালে মন্ট ব্ল্যাঙ্কের দক্ষিণ ঢালেও কয়েকজন পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। ধারণা করা হয়, তারা ১৯৮০ বা ১৯৯০-এর দশকে নিখোঁজ হয়েছিলেন। একই বছর সুইস আল্পসের একটি হিমবাহ থেকে উদ্ধার হওয়া এক পর্বতারোহীর পরিচয় শনাক্ত করা হয়। তিনি ১৯৭১ সালে নিখোঁজ হওয়া এক ব্রিটিশ নাগরিক।

ওই বছরই সুইজারল্যান্ডের একটি সংকুচিত হয়ে আসা হিমবাহের বরফের নিচ থেকে উদ্ধার করা হয় ১৯৪২ সালে নিখোঁজ হওয়া এক দম্পতির মরদেহ।

হিমবাহের বরফ গলে এসব মরদেহ বেরিয়ে আসার ঘটনা একদিকে যেমন নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে সহায়তা করছে, অন্যদিকে তেমনি দ্রুত বদলে যাওয়া জলবায়ু পরিস্থিতিরও একটি স্পষ্ট চিত্র তুলে ধরছে। সূত্র: ইয়াহু

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম