সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ
নিজস্ব প্রতিনিধি
০১ সেপ্টেম্বর, ২০২৬, 4:27 PM
নিজস্ব প্রতিনিধি
০১ সেপ্টেম্বর, ২০২৬, 4:27 PM
সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ
সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত এবং নিরাপদ রাখতে র্যাবের ধারাবাহিক অভিযানের মধ্যে এবার একযোগে চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার সুন্দরবনে সক্রিয় এসব বাহিনীর সদস্যরা র্যাবের কাছে আত্মসমর্পণ করেন।
আজ মঙ্গলবার খুলনার র্যাব-৬ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন।
র্যাব জানায়, দীর্ঘ দিন ধরে সুন্দরবনে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বনজীবীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এ পরিস্থিতিতে র্যাব-৬ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় নিয়ে ওই দস্যু সদস্য আত্মসমর্পণ করেন।
র্যাবের মতে, চারটি বাহিনীর ৫২ সদস্যের একযোগে আত্মসমর্পণের ফলে সুন্দরবনে দস্যুদের সাংগঠনিক সক্ষমতা ও অপরাধমূলক তৎপরতা কমবে। পাশাপাশি জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বননির্ভর মানুষের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় হবে।
প্রসঙ্গত, বন্যপ্রাণীর প্রজনন ও বিচরণ নির্বিঘ্ন রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে আজ থেকে বিধিবিধান ও অনুমতি সাপেক্ষে সুন্দরবন পুনরায় পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত হচ্ছে।