ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

সীমান্তে ফের ৫ ভারতীয় ড্রোন, আতঙ্কে গ্রামবাসী

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৫,  1:49 PM

news image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের আকাশে বাংলাদেশের এক কিলোমিটার পর্যন্ত অভ্যন্তরে অবৈধভাবে ৫টি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তের গ্রামের ওপরে ভারতীয় কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এ ড্রোনগুলো উড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া। ফিরোজ মিয়া বলেন, গত ২৭ মে বড়াইবাড়ী সীমান্তের ১০৬৭ মেইন পিলার দিয়ে আসামের ১৪ জন ভারতীয় নাগরিককে বিএসএফ কর্তৃক পুশইন করার পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে নজরদারি করছে। রাত সাড়ে ৮টায় বাংলাদেশের বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে ভারতের ৪-৫টি ড্রোন অবৈধভাবে উড়ছিল। এ ছাড়া বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের ওপরও ড্রোনগুলো উড়িয়ে পর্যবেক্ষণ করছে বিএসএফ। তিনি আরও বলেন, ভারতের এমন আচরণকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এর প্রতিকার চাই। কেন বাংলাদেশের ওপর ভারত এরকম বৈরী আচরণ করছে। সীমান্তের স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টায় আমাদের গ্রামসহ বিজিবি ক্যাম্পের ওপর দিয়ে ভারত অন্যায়ভাবে ড্রোন উড়িয়েছে। এতে সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভারতের এসব ড্রোন উড়ানো বন্ধে সরকার যেন পদক্ষেপ নেয়। তা না হলে, সীমান্তের বড় দুর্ঘটনা ঘটাতে পারে বিএসএফ। এ বিষয়ে জানতে বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। নাম প্রকাশ না করার শর্তে জামালপুর ৩৫ বিজিবি এক কর্মকর্তা বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ রাতে ড্রোন উড়িয়েছে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবিও ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করছে।  উল্লেখ্য, এর আগে ২৭ মে সকাল ১০টা ৪৫ মিনিটে পুশইন উত্তেজনার মধ্যে রৌমারী সীমান্তের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করেছিল বিএসএফ। একই দিন রাত ১০টা ৪৩ মিনিটে সাহেবের আলগা বিওপি এলাকায় তিনটি ড্রোন উড়িয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম