নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৩, 12:37 PM
সারা দেশে ১৫ ঘণ্টায় ১১ যানবাহনে আগুন
তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের দিন সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় সারা দেশে ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে রাজধানী ঢাকায় পাঁচটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও জয়পুরহাটে তিনটি, চট্টগ্রাম বিভাগের ফেনী ও কুমিল্লায় দুটি এবং জামালপুরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে- ছয়টি বাস, একটি কাভার্ডভ্যান, একটি ট্রাক, একটি সিএনজি, একটি পিকআপ, একটি ট্রেন (তিনটি বগি)। জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজধানীর কাফরুলে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এরপর ৭টা ৪০ মিনিটে গুলিস্তানের টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন রাত ৯টা ৪৫ মিনিটে জয়পুরহাটে একটি পিকআপে, ১১টা ৩৫ মিনিটে কুমিল্লায় পাপিয়া পরিবহনের একটি বাসে, ১১টা ৫৭ মিনিটে ধানমন্ডিতে ল্যাবএইডের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে এবং একই সময়ে মিরপুরের কালশীতে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া শনিবার দিনগত রাত ১টা ২০ মিনিটে সরিষাবাড়িতে একটি ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর রাত দেড়টার দিকে বগুড়ায় একটি ট্রাকে, ১টা ৪০ মিনিটে ফেনীর লালপুরে একটি কাভার্ডভ্যানে, রবিবার ভোর ৩টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে একটি বাসে এবং সকাল সাড়ে ৮টায় রাজধানীর সিদ্দিকবাজারে একটি সিএনজিতে ককটেল মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়। সারা দেশের এসব ঘটনায় আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিটের ১০৭ জন কর্মী।