সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, 8:14 PM
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, 8:14 PM
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফয়জুল ইসলামঃ ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে গত ২৮ ও ২৯ আগস্ট এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো - ভোলা জেলার লালমোহন থানার নয়আনী গ্রাম পশ্চিমপাড়া (বিলপাড়া) এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে মোঃ সিয়াম হোসেন হৃদয় (১৯), ঢাকা জেলার ধামরাই থানার দাইরা (গোপাল কৃষ্ণপুর) এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ ফরহাদ হোসেন শুভ (৪২), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার সোনারগাঁও এলাকার মৃত রজব আলীমের ছেলে মোঃ নজরুল (৩৮), মাদারীপুর জেলার কালকিনি থানার কাচারীকান্দি এলাকার হান্নানের ছেলে শাহীন (২৩), ঢাকা জেলার ধামরাই থানার সৈলান এলাকার মুন্সি আব্দুর সবুরের ছেলে ফেরদৌস (২২), নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সাকুয়া ইন্দ্রপুর এলাকার মোঃ বুলবুল আহম্মেদের ছেলে আইয়ুব হোসেন রনি (২৫), বাগেরহাট জেলার মোংলা থানার দক্ষিণ চিলা এলাকার মৃত আলতাফের ছেলে ইসমাইল (২৬)।
গোয়েন্দা পুলিশ ডিবি জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় সাভারের আক্রাইন বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ সিয়াম হোসেন হৃদয়কে, ধামরাই থানাধীন গোপাল কৃষ্ণপুর এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ মোঃ ফরহাদ হোসেন শুভকে এবং আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ নজরুল, শাহীন, ফেরদৌস, আইয়ুব হোসেন রনি ও ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।