ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

সাত সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২২,  9:56 AM

news image

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টি হয়েছে। এতে করে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে নগরবাসী। শনিবার (২১ মে) ভোর পৌনে ৬টার দিকে ঢাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। সকাল ৮টায়ও রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। এ দিন ভোরে হঠাৎ ঝড়ের তীব্রতায় ঘুম ভেঙে যায় অনেক নগরবাসীর। শুধু ঢাকা নয়, শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এতে কয়েকদিন ধরে চলা অস্বস্তিকর গরমে স্বস্তি ফিরেছে জনজীবনে। তাপমাত্রা খুব বেশি না হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছিল মানুষ। শনিবার সকাল থেকে কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর ও যশোর অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। গত কয়েকদিনের তুলনায় শুক্রবার ঝড়-বৃষ্টির প্রবণতা বেড়েছে। এ দিন খুলনা বিভাগ ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। খুলনা বিভাগ বৃষ্টিহীন থাকায় যশোর ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা শনিবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মর্তবান উপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমারে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপূর্ব দিকে সরে গিয়ে মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম